‘ঈদ আইলেই আমাগো কষ্ট বাইড়া যায়’
নদী থেকে নদীতে বয়ে চলে তাঁদের নৌকা। এ নৌকায়ই পরিবার নিয়ে বসবাস। কেউ তাঁদের বলে মানতা, কেউ বা বলে ভাসমান জেলে। মাছ ধরাই তাঁদের প্রধান পেশা। নদীতে আর আগের মতো মাছ ধরা পড়ে না। তাই তাঁদের সংসারের তীব্র অভাব। এক দিন পরেই ঈদুল আজহা। অনেকেই পশু কিনে ঈদের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মানতা সম্প্রদায়ের লোকজনের সে সামর্থ্য নেই। তাই ঈদ তাঁদের জীবনে কোনো আনন্দ বয়ে আনে না। ঈদের দিনেও মাংস দিয়ে দুই বেলা পেট ভরে ভাত খাওয়ার স্বাদ তাঁরা নিতে পারে না। ছেলেমেয়েদের গায়েও উঠে না নতুন জামা-কাপড়। পটুয়াখালীর বাউফল উপজেলার বগী এলাকায় শতাধিক নৌকা নিয়ে আশ্রয় নিয়েছে মানতা সম্প্রদায়ের কয়েক শ মানুষ। গত শুক্রবার ওই এলাকায় গিয়ে ওই বহরের আবদুল কুদ্দুস মিয়াসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। এই আলাপচারিতায় উঠে আসে তাঁদের জীবনের সুখ-দুঃখের কাহিনি। একপর্যায়ে চলে আসে ঈদের প্রসঙ্গ। ঈদ উদ্যাপনের বিষয়ে জানতে চাইলে আবদুল কুদ্দুস বলেন, ‘আমাগো বাড়িঘর, জায়গা-জমি নাই। আমাগো আবার ঈদ কিসের। ঈদ আইলেই আমাগো কষ্ট বাইড়া যায়। সবাই নতুন জামা-কাপড় পিনবে। পোলাপান লইয়া আনন্দ কইরা গরু-ছাগল কোরবানি দিবে। তহন আমাগো পোলাপানের দিকে চাইতে পারি না।’স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফের আওতায় চাল দিলেও এসব ভাসমান জেলেরা তা থেকে বঞ্চিত হচ্ছেন। বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, স্থায়ী ঠিকানা অনুযায়ী জেলেদের পুনর্বাসন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ভাসমান জেলেদের স্থায়ী ঠিকানা নেই। আর যাঁদের ভোটার পরিচয়পত্র নেই, তাঁদের নাম তালিকায় আনার সুযোগ নেই।