‘ঈদ আসলে মনে কষ্ট বাইড়া যায়’
‘আমাগরে এলাকায় কোনো কাম নাই। বয়েস হয়েছে, রিকশা-ভ্যান চালাইতে পারি না। তাই দূরের গ্রামে গতর খাইটা যে টেহা পাই, তা দিয়া হংসার চলে না। ঈদের লাইগা মাইয়াডারে এহান পর্যন্ত নতুন পিরান কিনে দিতে পারি নাই। এই কারণে ঈদ আসলে মনে কষ্ট বাইড়া যায়। এ কথা কাউকে বুঝাইতে পারি না।’এভাবেই মনের দুঃখ প্রকাশ করেন বগুড়ার ধুনট উপজেলার পুকুরিয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া আমজাদ হোসেন (৬৫)। তাঁর মতোই বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন কাঞ্চন বিবি (৬০)। তাঁর স্বামী মাইজবাড়ী গ্রামের জালাল উদ্দীন। জমিজমা, ভিটাবাড়ি সবই ছিল। ১২ বার যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে সব হারিয়ে এখন নিঃস্ব। ১৩ বছর আগে স্বামী মারা গেছেন। একমাত্র সন্তান ভরসাকে নিয়ে নদীভাঙনের সঙ্গে সংগ্রাম করে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। এ বছর আবারও যমুনার ভাঙনে সবকিছু হারিয়েছেন। এখন এক কাপড়ে ঠিকানা হয়েছে বন্যানিয়ন্ত্রণ নতুন বাঁধে।এই পুকুরিয়া ও ভূতমারী বন্যানিয়ন্ত্রণ বাঁধে কাঞ্চন বিবির মতো মাজেদা, সাহেব আলী, শেফালী, চায়না, আনজুর পরিবারসহ প্রায় ৪৫০ পরিবার বসবাস করছে। এসব পরিবারের সদস্যরা আট থেকে ১০ বার নদীভাঙনের শিকার হয়েছেন। তাঁদের ঘরে কোনো খাবার নেই। বন্যার পানিতে ঘরবাড়ি ছেড়ে এসে ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন তাঁরা। ঈদের আগে সরকারিভাবে ১০ কেজি করে ভিজিএফের চাল তাঁরা পেয়েছেন।হালিমা খাতুন বলেন, ‘এক মাস ধইরা ওজা হরছি। ভালো কোনো খাওন পাই নাই। এল্লা মুড়ি-মুড়কি ঘরে ছিল না। খালি পানি দিয়া ইফতার হরছি। ঈদের দিন ভালো খাওন পামু না। নতুন কাপড় পামু কই। আমাইগোরে এহেনে দুই বাঁধে মেলা পরিবার আছে। সবারই একই অবস্থা।’ গত সোমবার সকালে ভান্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়া গ্রামের কাছে বন্যানিয়ন্ত্রণ নতুন বাঁধে আশ্রয় নেওয়া লোকজনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম বলেন, যমুনার ভাঙনে প্রায় ৪০০ অভাবী পরিবার বাড়িঘর হারিয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। ঈদের আগে ১০ কেজি করে চাল পেয়েছে তারা।