'ঈদ তো সবার লাইগ্যাই'

হাতে একটা কাগজ নিয়ে মো. রাসেল কিছু একটা মেলাচ্ছেন। আর ঘুরছেন এক দোকান থেকে আরেক দোকান। নতুন চাকরির পর প্রথম ঈদ। আনন্দটা স্বভাবতই দ্বিগুণ। কার জন্য কী কী কিনতে হবে, তা একটি কাগজে টুকে এনেছেন। হাসিমুখেই বললেন, ‘আগেই ঠিক লিস্ট বানাইয়া রাখছিলাম। সকালে স্যারে বেতন হাতে দেওয়ার সাথে সাথে বঙ্গবাজার আইসা পড়ছি।’
রাসেল একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। সাধ্যের মধ্যে থেকেই তাঁর মতো স্বল্প আয়ের মানুষেরা ঈদের কেনাকাটা শুরু করেছেন। বঙ্গবাজার, বায়তুল মোকাররম, গুলিস্তানের ট্রেড সেন্টার, নিউমার্কেট, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন স্থানের ফুটপাতকেন্দ্রিক মার্কেটগুলোতে স্বল্প আয়ের মানুষেরা ভিড়তে শুরু করেছে।

গুলিস্তান ও এর আশপাশের এলাকায় হকাররা এখন বসছেন। হকাররা বলেন, ১৫ রোজার পর থেকে তাঁরা বসার অনুমতি পেয়েছেন। ব্যবসা করতে পারবেন ঈদ পর্যন্ত। বায়তুল মোকাররমের সামনে যেতেই পাঞ্জাবি বিক্রেতাদের নানান সুরের ডাক। এক শ থেকে তিন শ টাকায় পাঞ্জাবি মিলছে। ক্রেতারাও উল্টে-পাল্টে দেখছেন। আবু বকর বোনের স্বামীর জন্য ভালো পাঞ্জাবি খুঁজছিলেন। কিন্তু ঝলমলে কাজের পাঞ্জাবির দাম চাইছে ৬০০ টাকা। বিক্রেতা দাম না ছাড়ায় বাধ্য হয়েই কিনলেন। তিনি বলেন, ‘মাপা টাকায় তো চাইলেই সব কিনন যায় না। কিন্তু বইনের জামাইরে তো খুশি করন লাগব।’
পোশাকশ্রমিক লায়লা বেগম এক ঘণ্টার সময় বের করে বঙ্গবাজার এসেছেন। মা ও ছোট বোনকে গ্রামে পাঠিয়ে দেবেন। নিজের যেতে আরও দেরি হবে। ওদিকে বেতন বোনাস কিছুই হয়নি। কিন্তু স্বজনদের জন্য তো কিছু কিনতে হবে। লায়লা বলেন, ‘একজনের কাছ থেইকা তিন হাজার টাকা ধার করলাম। মায়ের আর বইনের জামাকাপড় কিন্যা দিয়া দেওন লাগব। কিন্তু জিনিসের যেই দাম। পয়সায় কুলাইব না। কিন্তু ঈদ তো সবার লাইগ্যাই। কষ্ট হইলেই খুশি করতে হয়।’

বাড়তি দাম নিয়ে অনেকেরই অভিযোগ। বঙ্গবাজারে প্যান্ট কিনতে ডেমরা থেকে দুই ছেলেকে নিয়ে এসেছেন দিনমজুর রশিদ মোল্লা। কিছুটা কমে পাওয়া যায় বলে দুই বছর ধরে এখানেই আসেন। তিনি বলেন, গতবার দুটি প্যান্ট কিনেছেন ৩০০ টাকায়। কিন্তু এবার ৫০০ টাকা চাচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, তাঁদের এবার ব্যবসা নেই। বাশার মিয়া ট্রেড সেন্টারের সামনের ফুটপাতে বাচ্চাদের পোশাক নিয়ে বসে আছেন। তিনি বলেন, ‘আমাগো তো তুইলাই দিছে। কয়দিন ধইরা বসতাছি। কিন্তু কাস্টমার নাই। গতবার যেই ব্যবসা হইছে তার অর্ধেকের অর্ধেকও এইবার বেচা হইব না।’
ফার্মগেটের কেনাকাটা বেশ জমজমাট। ফার্মগেট সুপার মার্কেটের ব্যবসায়ী মো. সুলায়মান বলেন, গতবারের মতো আশানুরূপ বিক্রি না হলেও সামনে বিক্রি বাড়বে। পোশাক কারখানাতে এখনো বেতন-বোনাস হয়নি। শ্রমিকদের হাতে টাকা এলেই ভিড় বাড়বে।

তেজগাঁও কলেজের সামনের ফুটপাতে একটি ফ্রক নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বেশ কিছুক্ষণ দামাদামি হলো। মায়মুনা নিজের মেয়ের জন্য একটি ফ্রক পছন্দ করেছেন। কিন্তু দামে মিলছে না। তিনি বলেন, ‘একটি ফোরাকের দাম চায় ৪০০ টাকা। মাইয়ার পছন্দ হইছে। ভালো জামা তো বছরে একটাই দেই। কিন্তু এমন দাম হইলে গরিবের ঘরে আর ঈদ আইব না।’