‘ঈদ না আইলেই ভালো অইতো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সারা দিন সাগর থেইকা ধরি আনা মাছ ধুইয়া-মুইচা পরিষ্কার করি, তারপর এই মাছ শুকাইতে দিই। সন্ধ্যার আগে হেই মাছ গুদামে থুইয়া দিন শেষে ৬০ টাকা মজুরি লইয়া ঘরে ফিরি। এই টাকায় কি ছয়জনের সংসার চলে? প্রায় সময় লবণভাত (নুন মিশিয়ে ভাত) খাইয়া রোজা রাখতে হয়, পানি দিয়া ইফতারি করি। যেহানে ঠিকমতো লবণভাত খাইতে পারতাছি না, সেহানে ঈদ করি কী দিয়া? ছেলেমেয়েদের ঈদের কাপড়চোপড় কিইন্যা দিব, সেই টাকা কই? ঈদ তো আসে ধনীদের জন্য। আমাগো কাছে ঈদ হইল মহাযন্ত্রণা আর অশান্তির একটা দিন। ঈদ না আইলেই ভালো অইতো।’ গত বুধবার বেলা ১১টায় কক্সবাজার শহরের সমুদ্র উপকূলের ফদনারডেইল গ্রামের দিনমজুর খালেদা বেগম (৫৬) এভাবেই তাঁর অসহায়ত্বের কথাগুলো বললেন। তাঁর বাড়ি রংপুরের তারাগঞ্জে। সাত বছর আগে বসতবাড়ি হারিয়ে স্বামীর সঙ্গে তিনি কক্সবাজারে চলে আসেন। সঙ্গে চার ছেলেমেয়ে। তিন বছর স্বামী আনোয়ার হোসেন অসুস্থ। রোজগার করতে পারেন না। তাই সংসার চালাতে ফদনারডেইল চরে শুঁটকি তৈরির কারখানায় দিনমজুরের কাজ করছেন খালেদা। খালেদার মতো ফদনারডেইল গ্রামের আরও কয়েক হাজার নারীশ্রমিকের ঘরে ঘরে এমন অভাব-অনটন আর দুঃখগাথা। অনেকে বলেন, সারা দিন পরিশ্রম করে পাওয়া ৬০-৭০ টাকায় দুই কেজি চালও পাওয়া যায় না। শহরের ফদনারডেইল, কুতুবদিয়াপাড়া, নাজিরারটেক, ঝাউবাগান বস্তি ও চেয়ারম্যান কলোনি ঘুরে অসংখ্য বাড়িতে (বস্তি) অভাব-অনটনের ভয়াবহ চিত্র চোখে পড়ে। দুবেলা ভাত জোগাড় করতে বস্তির অভাবী মানুষগুলোর যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ছেলেমেয়েদের ঈদের কাপড়চোপড় কিনে দেওয়ার আবদার রক্ষা করা তাঁদের জন্য কঠিন। গত ৩০ আগস্ট বিকেলে শিশুসন্তানের এমন আবদার রক্ষা করতে না পারার দুংখে ঝাউবাগানের এক জেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান। কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল জানান, শহরের এই কয়েকটি বস্তিতে অন্তত ৭০ হাজার অভাবী মানুষের বসবাস। ইদানীং সাগরে মাছ ধরা বন্ধ, শ্রমবাজার রোহিঙ্গাদের দখলে চলে যাওয়ায় ৫০ হাজারের বেশি মানুষ বেকার হয়ে পড়েছে। রোজার মাসে এই অভাবী মানুষগুলোর চরম দুর্দিন গেলেও আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। বস্তিগুলোর অন্তত ২০ হাজার শিশু ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। এসব শিশুর জন্য আমরা কিছু কাপড়চোপড় বিতরণের চেষ্টা করছি। শহরের ঝাউতলার ‘চেয়ারম্যান কলোনিতে’ অন্তত সাড়ে তিন হাজার মানুষের বসবাস। এদের বেশির ভাগ দিনমজুর, ভিক্ষুক ও বিধবা। এই কলোনির অনেক শিশু-কিশোর মা কিংবা বাবার সঙ্গে ভিক্ষা করে। ঝাউবাগান বস্তিতে বসবাস করে প্রায় ১০ হাজার অভাবী মানুষ। বস্তির বাসিন্দা রিকশাচালক আবদুল মান্নান (৩৬) বলেন, ‘স্ত্রী এবং সন্তানদের জন্য জামাকাপড় কিনে দেওয়ার ইচ্ছা অনেক। কিন্তু টাকায় কুলাতে পারছি না। সারা দিনে যা আয় হয়, বাজারে গেলে সব শেষ হয়ে যায়।’