‘ঈদর আনন্দ আঁরার লাই নআঁইয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কেলা (কলা), মুড়ি আর ডাইল-ভাত খাই হন মতে (কোনো মতে) রোজা পার গরি দিয়ি ( দিয়েছি)। ঈদর জামা-কাপরর লাই (কাপড়ের জন্য) পোয়া-মাইয়ারা ( ছেলেমেয়েরা) হান্নাহাটি গরের। দুই দিন পর ঈদ। হাতত (হাতে) হন টিয়া ( টাকা) নাই। বন্যাত সব শেষ অই গিয়ে। জামা-হাপর হত্যি ( কোত্থেকে) কিনি দিয়্যুম বুজিত নপারির। ঈদর আনন্দ আঁরার লাই নআঁইয়ে।’ গতকাল শুক্রবার বিকেলে চকরিয়া উপজেলার সুরাজপুর গ্রামের গৃহিণী মরিয়র বেগম (৪৫) এভাবে অসহায়ত্বের কথা তুলে ধরেন। মরিয়মের সংসারে ছয় ছেলেমেয়ে। স্বামী মকতুল হোসেন দিনমজুর। গত ২৫ জুলাই তৃতীয় দফার বন্যায় মরিয়মের কাঁচা ঘরটি ভেঙে যায়। এরপর থেকে তাঁরা বেড়িবাঁধের ওপর ঝুপড়ি ঘর বেঁধে কষ্টের জীবন পার করছেন। ঈদে ছেলেমেয়েদের জামা-কাপড় কিনে দেবেন দূরের কথা, দুই বেলা খাবার জুটানো মকতুলের জন্য কঠিন হয়ে পড়েছে। মকতুল হোসেন (৫০) বলেন, তিন দফার বন্যায় উপজেলার ৬০-৭০ হাজার মানুষের খেতের ফসল, গোলার ধান, গবাদিপশু, মৎস্য খামার শেষ হয়ে গেছে। এখন দিনমজুরি করে টাকা রোজগারের কোনো কাজ গ্রামে নেই। হাজার হাজার মানুষ বেকার জীবন কাটাচ্ছে। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফর রহমান কাজল বলেন, এবারের ভয়াবহ বন্যায় শুধু রামু উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদের কাপড়চোপড় কিনবে দূরের কথা—দুমুঠো খাবারের ব্যবস্থাও নেই এসব মানুষের। গত এক মাসে তিনি ব্যক্তিগত উদ্যোগে ১৫ লাখ টাকার ত্রাণ ও কাপড়চোপড় বিতরণ করেছেন ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে। কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি বলেন, গত দুই বছরে ১৮ কোটি টাকার বেশি খরচ করেও টেকনাফের শাহপরীর দ্বীপের এক কিলোমিটার বেড়িবাঁধ তৈরি করা যাচ্ছে না। সম্প্রতি জোয়ারের পানিতে ওই বাঁধ ভেঙে একসময়ের শাহপরীর দ্বীপটিকে মূল ভূখণ্ড থেকে আবার বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই এলাকায় ৪০ হাজার মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। রামু উপজেলার রাজারকুল গ্রামের দিনমজুর সফিউল্লাহ (৩৭) বলেন, ‘তিন দিন ধরে কাজকর্ম নেই। আয়-রোজগার বন্ধ। সংসার চালাতে যেখানে হিমশিম খাচ্ছি, সেখানে ঈদের কাপড়চোপড় কেনা আমাদের জন্য স্বপ্ন ছাড়া কিছুই নয়। ঈদের আনন্দ হারিয়ে যাচ্ছে ছেলেমেয়েদের কান্নাকাটিতে।’ জেলা প্রশাসন সূত্র জানায়, তিন দফার বন্যার জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ১৯ হাজার ঘরবাড়ি বিলীন হয়েছে। এতে গৃহহীন প্রায় এক লাখ মানুষের নিদারুণ কষ্ট যাচ্ছে। সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ মেট্রিক টন চাল ও নগদ ৩০ লাখ টাকা এবং বেসরকারিভাবে আরও কয়েক কোটি টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, ধনাঢ্য ব্যক্তিরা ত্রাণ তৎপরতা চালাচ্ছেন। তার পরও অনেকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।