'ঈদে বাবাকে ফিরিয়ে দিন, প্লিজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি আমার বাবার সাথে ঈদ করতে চাই’—বাবা পারভেজ হোসেনকে ফেরত পাওয়ার আকুতি জানিয়ে ছোট্ট আদিবা ইসলাম বিমর্ষ হয়ে থাকে অনেকক্ষণ। ২০১৩ সালের ২ ডিসেম্বর যুবদল নেতা পারভেজ হোসেন গুম হন। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘মায়ের ডাক’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে তোলা ছবি l সাইফুল ইসলাম
‘আমি আমার বাবার সাথে ঈদ করতে চাই’—বাবা পারভেজ হোসেনকে ফেরত পাওয়ার আকুতি জানিয়ে ছোট্ট আদিবা ইসলাম বিমর্ষ হয়ে থাকে অনেকক্ষণ। ২০১৩ সালের ২ ডিসেম্বর যুবদল নেতা পারভেজ হোসেন গুম হন। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘মায়ের ডাক’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে তোলা ছবি l সাইফুল ইসলাম

‘আমি বাবার সঙ্গে ঈদ করতে চাই। প্লিজ, আমার বাবাকে ফিরিয়ে দিন!’ ছোট্ট মেয়ে আদিবা ইসলামের কণ্ঠে সরল আকুতি। চার বছর আগে ২০১৩ সালের ২ ডিসেম্বর নিখোঁজ হওয়া তার বাবা পারভেজ হোসেনের এখনো কোনো হদিস নেই। ‘গুম’ শব্দটির অর্থ হৃদির কাছে পরিষ্কার নয়। সে শুধু জানে, তার বাবা একদিন ফিরে আসবেন।

গুমের শিকার ২৯টি পরিবারের কেউই অবশ্য হতভাগ্য ব্যক্তিদের ফিরে আসার ব্যাপারে আশা ছাড়েনি চার-পাঁচ বছরেও। তারা গুম হওয়া মানুষদের ফিরিয়ে দিতে এবং এর পেছনের অপরাধীদের বিচারের দাবিতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে। বলেছে, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে আগামী ডিসেম্বর থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে তারা।

আজকের ‘আন্তর্জাতিক গুম দিবস’ সামনে রেখে গত কয়েক বছরের মতো এবারও নিখোঁজদের পরিবারের সদস্যরা গতকাল মঙ্গলবার একত্র হয়েছিলেন। প্রেসক্লাবে এক আলোচনা সভায় নিজেদের দুঃসহ কষ্টের কথা তুলে ধরে গুমের শিকার ব্যক্তিদের পরিবার। ২৯টি পরিবারের সদস্যরা এক হয়ে প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করেন, যার শিরোনাম ছিল ‘মায়ের ডাক: ঈদের আগে গুম হওয়া সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দিন’। ছোট্ট মেয়ে আদিবা সেখানেই কথা বলছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হওয়া সাজেদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন। তিনি বলেন, ‘সরকার তো কিছুই করছে না, কার কাছে যাব? প্রধানমন্ত্রী, আমাদের এই কান্না, এই দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি দিন।’

অনুষ্ঠানে পরিবারের সদস্যরা কেউ কথা বলতে গিয়ে কেঁদেছেন, কেউ ছিলেন নির্বাক। একটি শোকবিহ্বল পরিবেশ তৈরি হয় সেখানে।

আলোচনায় লিখিত বক্তব্য পড়ে শোনান নিখোঁজ সাজেদুল ইসলামের বোন আফরোজা ইসলাম। উপস্থিত ২৯টি পরিবারের পক্ষ থেকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় বলেন, স্বজন হারানোর ব্যথা তিনি বোঝেন। কিন্তু আমাদের স্বজন হারানোর ব্যথা কেন বুঝছেন না?’ স্বজনদের ফিরিয়ে দিতে স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্রকে নির্দেশ দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে তিনি দাবি জানান।

ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি কে এম শামীম আখতার ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। তাঁর স্ত্রী ঝরনা খানম বলেন, ‘আমরা জানতে চাই সরকার কয়টি ঘটনার তদন্ত করেছে।’

২০১৩ সালের ২৮ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তুলে নিয়ে যাওয়া হয় সূত্রাপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লাকে। তাঁর বোন কানিজ ফাতেমা বলেন, ‘আমার স্বজনকে খোঁজার কোনো পথও রাখা হয়নি। সাধারণ ডায়েরি পর্যন্ত করতে দেওয়া হয়নি।’

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান ২০১৪ সালের ২৯ মার্চ থেকে নিখোঁজ। রকিবুল হাসানের বাবা কাজী মতিন বলেন, ‘আমি বঙ্গবন্ধুর দেহরক্ষী ছিলাম। চৌকস সেনাবাহিনীর কর্মকর্তা ছিলাম।...সবার দ্বারে ঘুরেছি। এখন আমার হতাশ লাগে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মানবাধিকারবিষয়ক সংস্থা অধিকারের সভাপতি সি আর আবরার, পরিচালক এ এস এম নাসির উদ্দিন, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, নারীপক্ষের সদস্য শিরীন হক প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘গুম হয়ে যাওয়া প্রসঙ্গে প্রশাসন বলছে, তিনি (নিখোঁজ) জঙ্গিবাদে জড়িয়ে গেছেন কি না। জঙ্গি এমন এক শব্দ, যা শুনলে সবাই চুপ হয়ে যায়।’

সি আর আবরার বলেন, ‘আমাদের যৌথ প্রয়াসে এদের বিচার হতে হবে। সরকার এসব করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে।’

আসিফ নজরুল বলেন, ‘গুম হওয়া ব্যক্তিরা যত দিন ফিরে না আসবে, তত দিন মনে করব, প্রধানমন্ত্রীর কানে এই কান্না যাচ্ছে না অথবা তিনি এসব জানেন না।’

শিরীন হক বলেন, ‘আমরা সবাই অসহায় হয়ে গেছি। আমরা কার কাছে যাব? আমাদের কারও কাছে যাওয়ার জায়গা নেই।’

নূর খান বলেন, ‘সময় এলে আমরা সব বলব, সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ তিনি বলেন, সরকার যাঁরা পরিচালনা করেন, তাঁরা অন্ধ না বধির? তাঁরা কি কিছু দেখতে পান না?

নাসির উদ্দিন বলেন, ‘র‍্যাব গুমের সঙ্গে যুক্ত থাকলে বলে ডিবি পুলিশ জড়িত আর ডিবি পুলিশ গুম করলে দুষছে র‍্যাবকে। যাঁরা ফিরে আসছেন, তাঁরা ভীত। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, গুম বলে কোনো শব্দ নেই। এঁরা লুকিয়ে আছেন বলে (তিনি) তামাশা করছেন।’