'ঈদের আগেই বোনাস পরিশোধ করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের আগেই খুলনার বেসরকারি পাটকলশ্রমিকদের বোনাস পরিশোধের জন্য পাটকলের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এ আহ্বান জানান।
রূপসায় খুলনা ওয়াসার চলমান একটি প্রকল্পে বিদেশি কর্মীদের নিরাপত্তার জন্য আনসার সদস্যদের নিয়োগ দেওয়ার জন্যও ওয়াসাকে অনুরোধ করেন জেলা প্রশাসক।
ঈদের সময় যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জানমালের নিরাপত্তায় ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণপূর্ত বিভাগকে জেলার সরকারি অফিসের সার্বিক নিরাপত্তা ও সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য প্রাচীর নির্মাণ করতে বলেন জেলা প্রশাসক। সভায় নগরের ঝুঁকিপূর্ণ ২১টি ভবন দ্রুত অপসারণ করা এবং ফুটপাতের দোকানপাট উচ্ছেদের জন্য কেসিসিকে অনুরোধ জানানো হয়।