'ঈদের খরচ জোগাতে' মামাতো বোনকে অপহরণ, চার সহযোগীসহ গ্রেপ্তার
ঈদের খরচ জোগাড় করতে মামাতো বোনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিলেন আলী আজম (২৩)। তবে শেষ রক্ষা হয়নি। চার সহযোগীসহ গতকাল বুধবার গভীর রাতে আজম গ্রেপ্তার হয়েছেন। অপহূত শিশু আনিকা রহমানকে (৫) উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের বাকলিয়ায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার বাকি চারজন হলেন আরিফুল ইসলাম (২৫), সবুজ মিয়া (২০), বাবু (২০) ও সিএনজি অটোরিকশার চালক সাইফুল (২৯)। আজমসহ পাঁচজনকে পটিয়ার খরনা থেকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
১ আগস্ট সন্ধ্যায় নগরের চাক্তাই ফায়ার সার্ভিস এলাকার বাসার সামনে থেকে অপহূত হয় আনিকা। তার বাবার নাম আবদুর রহমান। দুই ভাই ও এক বোনের মধ্যে আনিকা সবার ছোট। এই ঘটনায় পরদিন ২ আগস্ট বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আনিকার বাবা।
আনিকার বাবা আবদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর বড় বোনের ছেলে আজম তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। চাক্তাই এলাকায় ব্যাচেলর বাসায় থাকেন। তিনি দাবি করেন, আনিকাকে অপহরণ করে আরিফুলের মাধ্যমে প্রথমে তিন লাখ এবং পরে দুই লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন আজম।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মুঠোফোনের সূত্র ধরে অপহরণকারীদের চিহ্নিত করা হয়েছে। আজম পুলিশকে জানিয়েছে, ঈদের খরচ জোগাতে মামাতো বোনকে তিনি অপহরণ করেছিলেন। এ ঘটনায় পুলিশ বাকলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।