‘ঈদের খরচ’ জোগাতে নাইমকে অপহরণ করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণ নিয়ে ঈদের খরচ জোগানোর আশায় সিলেটের দক্ষিণ সুরমার পুরান তেতলি গ্রামের কিন্ডারগার্টেনছাত্র মোজাম্মেল হোসেন নাইমকে অপহরণ করা হয়। পরে বিষয়টি ফাঁস হওয়ার ভয়ে নাইমকে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ইসমাইল ও মিটন গতকাল মঙ্গলবার সিলেটের জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবান-বন্দিতে এ তথ্য দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জবানবন্দিতে ইসমাইল ও মিটন ঘটনার প্রায় অভিন্ন বর্ণনা দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুদ্দিন মাসুম গতকাল বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁদের এ জবানবন্দি রেকর্ড করেন।জবানবন্দিতে ইসমাইল ও মিটন বলেন, তাঁদের জুনেদ ও বিপ্লু নামের দুই বন্ধুকে নিয়ে ঈদ উপলক্ষে হাতখরচের টাকা জোগাড়ের চিন্তাভাবনা থেকে নাইমকে অপহরণের পরিকল্পনা করেন। নাইম ছিল ইসমাইলের দূরসম্পর্কের আত্মীয়। সে স্থানীয় বলদি লিটল স্টার কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। তাকে ১৪ আগস্ট পুরান তেতলি গ্রামের মসজিদে তারাবির নামাজের সময় ফুসলিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নেওয়া হয়। একপর্যায়ে নাইম তাদের চারজনকে দেখে চিৎকার শুরু করে। হত্যা করার কারণ সম্পর্কে জবানবন্দিতে ইসমাইল বলেন, নাইম তাঁদের চিনে ফেলায় এবং কান্নাকাটি করায় তাকে হত্যা করা হয়। হত্যার বর্ণনা দিতে গিয়ে ইসমাইল বলেন, একটি নাইলনের সুতা দিয়ে গলায় পেঁচিয়ে তিনি ও মিটন টান দেন। এ সময় বিপ্লু ও জুনেদ নাইমের হাত ও পা চেপে ধরে রাখেন। মৃত্যু নিশ্চিত হলে পরে বস্তাবন্দি করে ওই পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গলে লাশ ফেলে রেখে তাঁরা পালিয়ে যান।এক প্রশ্নের জবাবে ইসমাইল ও মিটন বলেন, নাইম মারা যাওয়ার পরপরই তাঁদের চার বন্ধুরই মনোবল ভেঙে যায়। অপহরণের প্রায় তিন দিন পর একই গ্রামের ইসমাইল ও মিটনকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ ছাড়া গ্রামবাসীও তাঁদের সন্দেহ করেন।গত রোববার রাতে নাইমের লাশ পাওয়ার পর এলাকাবাসী তাঁদের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তাঁরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক প্রথম আলোকে বলেন, জবানবন্দি রেকর্ডের পর দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ দুজনের সহযোগী জুনেদ ও বিপ্লুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।