'ঈদের দিন সেমাই খাব ভাবিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরছে বানভাসি মানুষেরা। ছবিটি গতকাল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চর আলমপুর গ্রাম থেকে তোলা l প্রথম আলো
ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরছে বানভাসি মানুষেরা। ছবিটি গতকাল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চর আলমপুর গ্রাম থেকে তোলা l প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করছেন বন্ধুসভার সদস্যরা। গতকাল ছিল ব্যতিক্রমী আয়োজন। অন্যান্য ত্রাণসামগ্রীর সঙ্গে ঈদ উপলক্ষে দেশের ১৩টি জায়গায় বন্যার্ত মানুষকে দেওয়া হয় সেমাই, চিনি, পোলাওয়ের চালসহ নানা খাদ্যসামগ্রী।

ঈদ উপলক্ষে দেওয়া খাদ্যসামগ্রী পেয়ে নওগাঁর চকচৈতন্য গ্রামের শরিফুন বেগম বলেন, ‘আপনারা খুব উপকার করলেন। বন্যায় সর্বস্ব গেছে। আমাদের আবার ঈদ কিসের? আপনাদের অছিলায় আমরা সেমাই, চিনি পেলাম। এগুলো ঈদের দিন বাচ্চাদের নিয়ে খেতে পারব।’ বাগমারার বৃদ্ধ আছির উদ্দিন বলেন, ‘ঈদের দিন সেমাই খাব ভাবিনি, আপনারের জিনিস দিয়ে ভালোভাবে ঈদ করতে পারব।’

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নওগাঁ

নওগাঁর ধামইরহাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচৈতন্য ও পোড়ানগর গ্রামের বন্যাদুর্গত মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়। ঈদসামগ্রী বিতরণ করেন পোড়ানগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ও সমাজকর্মী রফিকুল আলম।

সেমাই-চিনি পেয়ে চকচৈতন্য গ্রামের শরিফুন বেগম বলেন, ‘তোমরা হামাগেরে খুব উপকার করলেন। বন্যায় সর্বস্ব গেছে। হামাগেরে আবার ঈদ কিসের। তোমাগেরে উছিলায় অ্যানা সেমাই-চিনি প্যানু। এগুলাই ঈদের দিন অ্যানা ছাওয়ালগেরে মুখত দিতে পারব।’

দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার একটি গ্রামে বন্যার্ত ২৭টি আদিবাসী পরিবারকে এবং একই উপজেলার পুনট্রি গ্রামে ১৭০টি বন্যার্ত পরিবারের মধ্যে গতকাল শাড়ি, লুঙ্গিসহ এক কেজি করে সেমাই, চিনি ও এক প্যাকেট গুঁড়া দুধ বিতরণ করা হয়েছে। শাড়ি পেয়ে দুর্গাপুর বাজারপাড়ার ৯০ বছরের কাচুয়ানি বলেন, ‘টাকাপয়সা নাই, বাড়িকোনা ঘিরিরও পারি না। বান-বন্যায় বাড়ির কিচু বাইর করার পারি নাই। আটটা মুরগি আছিল, সগগুলা বানোত ভাসি গেচে। জীবনটাত নিরাপত্তা নাই। ছিঁড়াফাঁড়া দুইখান শাড়ি বদলে বদলে গাও ধোও মুই। কত দিন হইলে একখান নয়া শাড়ি পেন্দো না। এলা পিন্দিবার পারিম।’

বন্যার্তদের সহায়তার জন্য প্রথম আলো ট্রাস্টকে এক লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (আলুবাজার, ঢাকা) সম্মিলিত পরিষদ। গতকাল সংগঠনের নেতারা প্রথম আলো সম্পাদকের হাতে অনুদানের টাকা তুলে দেন l প্রথম আলো
বন্যার্তদের সহায়তার জন্য প্রথম আলো ট্রাস্টকে এক লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (আলুবাজার, ঢাকা) সম্মিলিত পরিষদ। গতকাল সংগঠনের নেতারা প্রথম আলো সম্পাদকের হাতে অনুদানের টাকা তুলে দেন l প্রথম আলো

এতে উপস্থিত ছিলেন বন্ধুসভার সদস্য মরিয়ম, প্রমোদ, অর্জুন, শাহিন, নাজমুল, বিজয়, নাসরিন, শরিফুল প্রমুখ।

নাটোর

বুধবার সকালে নাটোরের সিংড়া উপজেলার বন্যাদুর্গত চালকল চাতালের ২৭৭ জন শ্রমিককে শুকনা খাবার ও ঈদসামগ্রী দেওয়া হয়েছে। সিংড়ার মায়া রাইস মিলের চাতালে এসব ত্রাণসামগ্রী দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল দুধ, সেমাই, চিনি ও চিড়া। এ সময় উপস্থিত ছিলেন মায়া রাইস মিলের স্বত্বাধিকারী মাসুদ করিম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, চাতাল ব্যবসায়ী কোরবান আলী, নাটোর বন্ধুসভার সভাপতি ও এনএস সরকারি কলেজের প্রভাষক জহুরুল।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বন্যাকবলিত বিভিন্ন এলাকার ১৫০টি পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, পেঁয়াজ, চিনি, সয়াবিন তেল, রসুন, সেমাই ও গুড়াঁ দুধের প্যাকেট।

রাজবাড়ী

রাজবাড়ীতে গতকাল ঈদ উপলক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোনাকান্দর, ধুঞ্চি, চর ধুঞ্চি, গোদার বাজার, চরনারায়ণপুর, মৌকুরী চর, রাধানাথপুর, মেছোঘাটা, বেতকার চর, ঢালার চর, নারানদাহ, চর আমবাড়িয়া প্রভৃতি স্থানে বন্যার্ত ১৯৫টি পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, আধা কেজি সেমাই, খাবার স্যালাইন।

গোয়ালন্দ (রাজবাড়ী)

গতকাল বুধবার উপজেলার দেবগ্রাম, দৌলতদিয়া, উজানচর ও পৌরসভার বন্যার্ত ১৭০টি পরিবারের মাঝে ঈদের বাজার হিসেবে সেমাই, চিনি, গরম মসলা ও কিশমিশ বিতরণ করা হয়। প্রথমে উপজেলার বাহাদুরপুর জামে মসজিদের সামনে সড়কে থাকা ১০০টি পরিবারের মাঝে এবং বাকি ৭০টি পরিবারের প্রতিটি বাড়িতে গিয়ে বন্ধুসভার সদস্যরা এসব ঈদের বাজার তুলে দিয়ে আসে।

সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল ডিগ্রীবন্দ আলিম মাদ্রাসা মাঠে ঈদ উপলক্ষে বন্যার্ত দেড় শ জনের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ, মাজালিয়া, দোলভিটি, চাপারকোনা, পোগলদিঘা ইউপির গোবিন্দনগর, কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর, সোনাকান্দহ, সাধিনাবাড়ি এবং চাদ শিমলা গ্রামের বন্যার্ত ১৫০ জনের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিজনকে এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই ও গুঁড়া দুধের প্যাকেট দেওয়া হয়েছে।

জয়পুরহাট

জয়পুরহাট জেলার সদর উপজেলার বেড়ইল গুচ্ছগ্রাম ও পাশের আরও কয়েকটি পরিবারের মাঝে গতকাল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

 বেড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুচ্ছগ্রামের ৪০টি পরিবার ও গুচ্ছগ্রামের পাশে আরও বন্যাকবলিত হতদরিদ্র পরিবারের ২২ জনকে এক কেজি সেমাই, এক কেজি চিনি ও ড্যানিশ দুধের একটি করে কৌটা দেওয়া হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো. খায়রুল আলম ওই সব পরিবারের হাতে সেমাই, চিনি ও দুধ তুলে দেন।

তারাগঞ্জ (রংপুর)

‘পরনের শাড়িকোনা ছিঁড়া, ব্যালাউজও নাই। তোমরা শাড়িকোনা দিয়া মোক বাঁচাইনেন। শাড়িকোনা মোর প্রাণোত পানি দেইল।’ শাড়ি হাতে পেয়ে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন ডাঙ্গাপাড়া গ্রামের ফুলবি বেওয়া।

গতকাল বুধবার রংপুরের তারাগঞ্জে বন্যাকবলিত কাঁচনা, বালাপাড়া, চরকডাঙ্গা, নারায়ণজন, বরাতি সাহপাড়া, জগদীশপুর গ্রামের ৬০ জন নারী-পুরুষকে শাড়ি-লুঙ্গি দেওয়া হয়। ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ত্রাণ বিতরণে সহায়তা করেন।

নবাবগঞ্জ (ঢাকা)

গতকাল বুধবার দুপুরে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের চার শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, বিস্কুট, চিড়া, মুড়ি, চিনি, গুঁড়া দুধ, খাওয়ার স্যালাইন, ওষুধ, গুড় ও কাপড়। বৃদ্ধ শুকুর আলী বলেন, ‘ঈদের আগে ত্রাণটা পেয়ে ভালোই হলো। নাতি-নাতনি নিয়ে ঈদের দিন একটু ভালো খাবার খেতে পারব।’

ফরিদপুর

ফরিদপুরে বন্যাদুর্গত ১৮২ জন বন্যার্ত নারীকে ঈদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে সিঅ্যান্ডবি ঘাটে গিয়ে এই খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

ঈদের খাদ্যসামগ্রী হিসেবে প্রত্যেককে এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, এক শ গ্রাম গুঁড়া দুধ ও পাঁচ শ গ্রাম সেমাই দেওয়া হয়।

বাগমারা (রাজশাহী)

রাজশাহীর বাগমারার বন্যার্তদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার পহ নরদাশ ইউনিয়নের পূর্ব দৌলতপুর, সোনাডাঙ্গা ইউনিয়নের বাঁধ এলাকা ও ভরট্ট পূর্বপাড়া গ্রামের ৫০ জন বন্যাকবলিত ব্যক্তির মধ্যে এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্ছা, আধা কেজি চিনি ও এক কেজি করে আতপ চাল দেওয়া হয়েছে।

প্রথম আলোর ঈদ উপহার পেয়ে বৃদ্ধ আছির উদ্দিন বলেন, ‘ভাবছিলাম ঈদে ভালো কিছু খাবার পাব না, আপনারের জিনিস দিয়ে ভালোভাবে ঈদ করবের পারবনি।’

কুড়িগ্রাম

শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি পেয়ে খুশি প্রথম আলো চরের মানুষ। আকলিমা বেগম বলেন, ‘ঈদের সময় নতুন শাড়ি পরমো।’ বৃদ্ধ পানফুল বেওয়া বলেন, ‘ছাওয়াপাওয়া কাঁয়ো নাই। একনা কপড় দিয়া চলং।’ গতকাল কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ বিতরণ করা হয়েছে।

বন্যা ত্রাণ তহবিল

গতকাল যাঁরা সহায়তা করেছেন

বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশন ১ লাখ, নামির নুসায়ের আহমেদ ৫০ হাজার, পূর্ণ ৫০ হাজার, এডভান্সড ইকুইপমেন্ট লিমিটেড ৫০ হাজার, নাম প্রকাশে অনিচ্ছুক ৫০ হাজার, দানিন ও আর্শিয়া ৩৪ হাজার, ড. সায়েদা বানু ৫ হাজার, নাদিয়া মাহমুদ টুশি ৪ হাজার, সৈয়দা জাহানারা ২ হাজার এবং সরাসরি ব্যাংকে জমা ৯১ হাজার টাকা।

*গতকাল মোট জমা

৪,৩৬,০০০ টাকা

এ পর্যন্ত মোট জমা

৫৮,৩৩,৬১৯ টাকা

* ২২ জুলাই থেকে গতকাল পর্যন্ত বিতরণ ৫৫,৬৫,৯২২ টাকার ত্রাণ।

তহবিলে অর্থ সহায়তার জন্য

প্রথম আলো ট্রাস্ট: ত্রাণ তহবিল

হিসাব নম্বর ২০৭-২০০-১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড

কারওয়ান বাজার শাখা।