‘ঈদের দিনও হয়তো শাকপাতা খেয়ে থাকতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় বন্যায় প্রায় পাঁচ লাখ মানুষের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে। ঈদে নতুন জামা-কাপড় বা একটু ভালো খাবার কেনা দূরের কথা, দুবেলা ঠিকমতো খাবারের জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে বন্যাদুর্গত এসব মানুষের।তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা প্রান্তিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের সামনে কথা হয় নলতা গ্রামের রিজিয়া বেগমের (৫৫) সঙ্গে। হাতে থাকা কচু ও কলমি শাক দেখিয়ে তিনি বলেন, এই তাঁদের রাতের খাবার।ঈদের কথা জিজ্ঞেস করতেই ক্ষোভের সঙ্গে রিজিয়া বেগম বলেন, ‘দুমুঠো খাওয়াই জুটছে না, ঈদির কোথা চিন্তা করব কীভাবে।’ কপোতাক্ষ নদ আর বেতনা নদীর পানিতে ভেসে গেছে রিজিয়া বেগমের মতো পাঁচ লাখ মানুষের ঈদ আনন্দ।মতলা এলাকায় রাস্তার পাশে আশ্রয় নেওয়া শামছুর মোড়ল ও নূরুল ইসলাম বলেন, এলাকার ধনী-গরিব কারও এবার ঈদ আনন্দ নেই। সবারই এক অবস্থা। ভেসে গেছে পুকুর ও চিংড়িঘের। ডুবে গেছে সব ধরনের ফসলের খেত। ঈদের সময় যারা অন্যদের সাহায্য-সহযোগিতা করতেন, এবার তাদেরও চেয়ে থাকতে হচ্ছে ত্রাণের চালের দিকে।খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে তালা-পাইকগাছা সড়ক বন্ধ। পাইকগাছা ও কয়রার সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন। তার ওপর সম্প্রতি কপোতাক্ষ নদের ওপর নির্মাণ করা পাউবোর বাঁধ ভেঙে গেছে। নদের পানি বেড়েছে আরও প্রায় দুই ফুট। কাঁচা ঘরবাড়ি সব ধসে পড়েছে। কোনো রকমে বেঁচে থাকার জন্য নিরন্তর লড়তে হচ্ছে এলাকার মানুষকে। কলারোয়া উপজেলার দেয়াড়া সড়কের ওপর আশ্রয় নিয়েছে আমজাদ হোসেনের পরিবার। তিনি বলেন, ‘এবার ধারদেনা করে ১০ বিঘা জমিতে চিংড়িঘের করেছিলাম। সব ভেসে গেছে। ঈদে ছেলেমেয়েদের নতুন কাপড় কিনে দেওয়ার পয়সাও নেই। এ কথা ভাবতেই কষ্ট হচ্ছে।’তালা উপজেলার খেসরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য তসলিমা খাতুন বলেন, যোগাযোগব্যবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে দুর্গত এলাকায় ত্রাণ পৌাঁছানোও দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুর্গত এলাকায় খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে।