
১৩ জুনের পাহাড়ধসের পর থেকে রাঙামাটি শহরের বিভিন্ন পর্যটনকেন্দ্র এখনো ফাঁকা পড়ে আছে। চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাস চলাচল শুরু না হওয়ায় পর্যটকেরা আসছেন না। বাতিল হয়েছে হোটেলের বুকিং। এতে লোকসান গুনতে হচ্ছে হোটেল-মোটেল মালিকদের। পাশাপাশি কাপ্তাই হ্রদের নৌযান চালক, তাঁতের কাপড় ও হস্তশিল্পের ব্যবসায়ী ও রেস্তোরাঁর মালিকেরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
গতকাল রোববার রাঙামাটি শহর ও শহরের বাইরে বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে ফাঁকা দেখা যায়। তবে পর্যটন কমপ্লেক্স এলাকায় বেড়াতে এসেছিলেন স্থানীয় লোকজন। অলস পড়ে থাকতে দেখা গেছে পর্যটকবাহী নৌযানগুলো। কমপ্লেক্সের রেস্তোরাঁ ও হস্তশিল্পের দোকানগুলোও ফাঁকা দেখা গেছে।
পর্যটন কমপ্লেক্সে বেড়াতে আসা শহরের তবলছড়ির বাসিন্দা মো. আলমগীর বলেন, ‘কোনো বছর ঈদের পর রাঙামাটি এমন ফাঁকা দেখিনি। প্রতিবছর এই সময় এখানে এলে ভিড়ের জন্য হাঁটা যেত না। অথচ এবার বাইরের কোনো পর্যটকই আসেননি।’
রাঙামাটি হোটেল-মোটেল ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এখনো বাসসহ ভারী যানবাহন চলাচল শুরু হয়নি। এ ছাড়া রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাই এবং রাঙামাটি-আসামবস্তি- কাপ্তাই সড়কে শুধু হালকা যান চলাচল করছে। এ তিনটি সড়ক পাহাড়ধসের ঘটনার কারণে ৮ থেকে ১০ দিন বিচ্ছিন্ন ছিল। এখনো বন্ধ আছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। ফলে একরকম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই পর্যটন নগরী। পর্যটন সংশ্লিষ্ট লোকজনের আশা, যানবাহন চলাচল স্বাভাবিক হলেই ঢল নামবে পর্যটকদের।
কাপ্তাই হ্রদের নৌযান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, ‘ঈদের দিন থেকে আমাদের নৌযান চালকেরা বেকার সময় পার করছেন। অথচ অন্যান্য বছর ঈদের আগের দিন থেকে কোনো নৌযান বসে ছিল না।’
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, ‘পর্যটক কমপ্লেক্সে ৮৫টি কক্ষ রয়েছে। এর মধ্যে ঈদের তৃতীয় দিন সর্বোচ্চ ২২টি কক্ষে পর্যটক ছিল। আজ (রোববার) শুধু ৮টি কক্ষে বুকিং ছিল। অথচ গত বছর ঈদের পর পর্যটন কমপ্লেক্সে কোনো কক্ষ খালি ছিল না। আমাদের নৌযানগুলোও অলস পড়ে আছে।’
পর্যটন কমপ্লেক্সের বনানী টেক্সটাইলের কর্মচারী কল্পনা চাকমা প্রথম আলোকে বলেন, এবার ঈদে কোনো পর্যটক আসেনি। ফলে লোকসান গুনতে হচ্ছে তাঁদের। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো কিছু বিক্রি করতে পারেননি তিনি।
বেসরকারি হোটেল-মোটেল মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. নেছার আহম্মেদ বলেন, রাঙামাটিতে ৪২টি হোটেল-মোটেল রয়েছে। ঈদের তিন দিন দুই একটা হোটেল-মোটেল ছাড়া সবগুলো ছিল পর্যটক শূন্য। তবে ঈদের চতুর্থ দিনে ১০ থেকে ১৫টি হোটেল-মোটেলে কিছু পর্যটক এসেছেন। এরপর ধীরে ধীরে পর্যটক কমতে থাকে। সড়ক যোগাযোগ স্বাভাবিক হলে পর্যটক ঢল নামবে বলে তিনি আশা করেন।