'উই আর আনন্দনিকেতনিয়ান'
সিলেট নগরের সুবিদবাজারে অবস্থিত ইংরেজি মাধ্যমের স্কুল আনন্দনিকেতন তাদের প্রতিষ্ঠার ২৫ বছর উদ্যাপন করছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী ‘সিলভার জুবিলি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দুই দিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী পর্বে আনন্দনিকেতনের একাডেমিক হেড শামীম চৌধুরী স্বাগত বক্তব্য দেন। এ সময় ‘উই আর আনন্দনিকেতনিয়ান’ শিরোনামে উৎসব-সংগীত পরিবেশিত হয়। আনন্দনিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেত নাঈম চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের পর শুরু হয় প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণা পর্ব। স্মৃতিচারণা পর্বের ফাঁকে শিক্ষার্থীদের পরিবেশনায় দুটি নাটিকা মঞ্চস্থ হয়। স্কুলের প্রশাসনিক প্রধান ফাহমিনা নাহাসের সমাপনী বক্তব্যের পর উদ্বোধনী পর্ব শেষ হয়।
বিকেলে আলোচনা পর্বে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথির বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন আনন্দনিকেতন লিমিটেডের চেয়ারম্যান সাফওয়ান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নূরুর রশীদ চৌধুরী ও একাডেমিক হেড শামীম চৌধুরী। আজ বিকেলে আনন্দনিকেতনের নিজস্ব ব্যান্ড এবং মেট্রপলিস ও নেমেসিস নামের দুটি ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।