'উইলসন ডিজিজ' আক্রান্ত দুই সন্তানকে নিয়ে অসহায় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলসন ডিজিজে আক্রান্ত দুই ভাই–বোনের এ ছবিটি গত শনিবার দুপুরে তোলা l প্রথম আলো
উইলসন ডিজিজে আক্রান্ত দুই ভাই–বোনের এ ছবিটি গত শনিবার দুপুরে তোলা l প্রথম আলো

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের পূর্ব ঢাকনাই গ্রামের দরিদ্র দিনমজুর সৈয়দ আলী ও তাঁর স্ত্রী লাকী বেগম এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে অভাব-অনটনের মধে৵ সুখেই ছিলেন। কিন্তু ছয়-সাত বছর আগে তাঁদের জীবনে নেমে আসতে থাকে অসহায়ত্বের কালো ছায়া। মেয়ে শিমু বেগম ও ছেলে নাহিদ হাসান উইলসন ডিজিজ নামের বিরল রোগে আক্রান্ত হয়ে চলাফেরা করা ও বাক্‌শক্তি হারাতে থাকে। বর্তমানে শিমুর বয়স ১৪ ও নাহিদের ১২ বছর।

বছরের পর বছর ধরে এ দুই ভাইবোন অসহায় অবস্থায় পড়ে থাকলেও তাদের কোনো খোঁজই রাখেনি সরকারি কোনো কর্তৃপক্ষ। সম্প্রতি লালমনিরহাটের একাধিক সংবাদমাধ্যমে শিশু দুটির খবর প্রকাশিত হলে লালমনিরহাটের সিভিল সার্জন গতকাল সোমবার বিকেলে আক্রান্ত শিশু দুটির বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেন।

আক্রান্ত দুই শিশুর মা লাকী বেগম বলেন, জন্মের সময় শিমু ও নাহিদ আর দশটা শিশুর মতোই চঞ্চল ও স্বাভাবিক ছিল। শিমু ওই ইউনিয়নের লোহাখুঁচি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আর নাহিদ হাসান ফকিরটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। ছোটবেলায় তাদের পোলিও টিকাও খাওয়ানো হয়েছিল। তারপরও ২০১১ সালে শিমু ও ২০১২ সালে নাহিদ প্রথমে শারীরিকভাবে দুর্বল অনুভব করতে থাকে। পরে ধীরে ধীরে তারা বিদ্যালয়ে যাওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলে। তাদের হাত-পা চিকন ও বাঁকা হয়ে যেতে থাকে। এমনকি বর্তমানে এ দুই ভাইবোনের বাক্‌শক্তিও নেই।

দিনমজুর বাবা সৈয়দ আলী বলেন, ‘ছাওয়া দুইটার মুখের দিকে তাকানো যায় না।’ এ কথা বলে কেঁদেই ফেলেন তিনি। তারপর কোনোমতে কান্না সামলে তিনি বলেন, ‘কোনটে (কোথা) থাকি যে কী হইল, তাক একমাত্র আল্লায় জানে।’

আক্রান্ত শিশু দুটির মা লাকী বেগম বলেন, দুই সন্তানকে নিয়ে বর্তমানে খুবই কষ্টে আছেন। দুঃখের সংসারে এ দুই সন্তানই ছিল তাঁদের আশা-ভরসা। এখন ওরা শয্যাশায়ী। শুধু অস্পষ্ট কিছু শব্দ করা ছাড়া দুই ভাই-বোন আর কিছুই করতে পারে না। যেটুকু জমি-জায়গা ছিল, সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে সেটুকুও শেষ। এখন চিকিৎসা তো দূরের কথা, এক দিন কাজ না করলে চুলায় আগুন জ্বলে না।

সিভিল সার্জন আমিরুজ্জামান বলেন, ‘ওই শিশুদের পরীক্ষা করে এবং রোগের বর্ণনা শুনে প্রাথমিকভাবে আমাদের ধারণা হয়েছে, এটি উইলসন ডিজিজ।’ তিনি বলেন, ‘রোগটি যদি প্রাথমিক অবস্থায় বা সময়মতো চিহ্নিত করা যেত, তাহলে এটি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হতো। ক্রোমোজম অ্যাবনরমালিটির কারণে দিনে দিনে তাদের শারীরিক পরিবর্তন হচ্ছে। কিন্তু বর্তমানে তাদের শারীরিক যে অবস্থা, তাতে সেটি কতটুকু নির্মূল করা যাবে, তা সময়ই বলে দিতে পারবে।’