'উচ্চ কণ্ঠে উচ্চার আজ মানুষ মহীয়ান'
‘নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চার আজ মানুষ মহীয়ান’—এই স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান হয়।
বাংলা বিভাগের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান এহতেশামুল হক৷ প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক রশিদা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষক আন্দালিব এহসান।
নবীনদের কলম ও লাল গোলাপ দিয়ে বরণ করা হয়। একই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী হিসেবে আসমা ও শাহিনাকে, সেরা উপস্থিতির জন্য মণি বেগমকে এবং প্রস্তুতি পরীক্ষায় ভালো করায় আসমা, সোহানা ও রানীকে বই পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবদুল খালেক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে৷ শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থাকতে হবে৷ বাংলা বিভাগের কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে জড়িত থাকতে হবে৷ ভালো ফলাফলের মাধ্যমে নিজের ও কলেজের জন্য সুনাম বয়ে আনতে হবে৷