'উচ্চ প্রসব ঝুঁকি ও ঝুঁকি ব্যবস্থাপনা' বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্বাস্থ্য পরিষেবা খাতের পেশাজীবীদের সক্ষমতা বাড়াতে ‘উচ্চ প্রসব ঝুঁকি ও ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ে তিন দিনব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সাজেদা ফাউন্ডেশন ও টিম ব্রোকেন আর্থ যৌথভাবে আয়োজিত এবং রেনাটা ফার্মাসিটিকেলস লিমিটেডের সৌজন্যে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আয়োজক প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায়োগিক এই প্রশিক্ষণে প্রসব ও প্রসবোত্তর সময়ে মাতৃত্বের গুরুভার ও নবজাতকের মৃত্যু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলাদেশে এই বিষয়ে উন্নয়নে স্বাস্থ্য পেশাজীবীদের কীভাবে নবজাতকের যত্ন নিতে হবে, তার ওপর বিশেষ গুরুত্ব হয়। প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয় এমনভাবে, যাতে স্বাস্থ্য পেশাজীবী, শিশুর পরিবার ও মা, গর্ভাবস্থায় ভ্রূণ এবং নবজাতকের যত বিষয়ে একেবারে সাম্প্রতিক কালের সর্বোচ্চ মানসম্মত পদ্ধতি ও কৌশল অনুসরণ করতে পারেন।
প্রশিক্ষণ পরিচালনা ছাড়াও টিম ব্রোকেন আর্থ ও সাজেদা ফাউন্ডেশন প্রসূতি এবং নবজাতকের পরিচর্যা বিষয়ে পরিষেবা দানকারীদের জন্য সাজেদার ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স ও প্রাগ্রসর কানাডিয়ান টিমের মাধ্যমে আরও আনুষ্ঠানিক প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বখ্যাত স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞের মাধ্যমে পরিচালিত এ সার্টিফায়েড কোর্স বাংলাদেশে স্বাস্থ্য পরিষেবা দানকারীদের সামর্থ্য ও দক্ষতা উন্নয়নে অনন্য সুযোগ সৃষ্টি করবে।
প্রসঙ্গত, টিম ব্রোকেন আর্থ কানাডার প্রায় পাঁচ শতাধিক চিকিৎসক, নার্স ও ফিজিওথেরাপিস্টের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী দল। দলটি প্রথম সংগঠিত হয় ২০১০ সালে হাইতির বিপর্যয়কারী ভূমিকম্পের সময়। অন্যদিকে, করপোরেট জনকল্যাণে কাজ করে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন।