'উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত রাখতে বাল্যবিবাহ ঠেকাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষকদের গণিত, কম্পিউটার ও ইংরেজি বিষয়ে পাঠদানের ওপর জোর দিতে হবে। তা ছাড়া মেয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত রাখতে বাল্যবিবাহ রোধ করতে হবে। এ জন্য প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে মত প্রকাশ করেছেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক।
বিরামপুরে গতকাল বুধবার শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় সাংসদ এসব কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা পরিষদে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসউদের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ্র সঞ্চালনায় মতবিনিময় সভাটি হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বিরামপুরের কর্মকর্তা লিটন মণ্ডল ও সাংসদের ব্যক্তিগত সহকারী সায়েম সবুজ। সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদির দাবি জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে সাংসদ বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যেমন কঠোর পরিশ্রম করতে হবে, তেমনি অভিভাবকদের সচেতন হতে হবে। যুগোপযোগী পদ্ধতিতে শ্রেণি পাঠ নিশ্চিতের পাশাপাশি শিক্ষকদের দাবি পূরণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সাংসদ। তিনি মেয়েদের উচ্চশিক্ষার পথ উন্মুক্ত রাখতে বাল্যবিবাহ রোধে ইউএনওকে আরও কঠোর হতে নির্দেশ দেন।