'উচ্চাভিলাষী নয়, আদর্শবাদী ছিলেন ভাষা-মতিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারে তিনি এসেছিলেন অসংখ্যবার। গতকালও এসেছিলেন, ছিলেন ছবি হয়ে। ছবির পাশে লাল বর্ণে লেখা ‘ভাষা–মতিন স্মরণ অনুষ্ঠান’। গতকাল শনিবার শহীদ মিনারে এই স্মরণসভার আয়োজন করেছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট। 

স্মরণানুষ্ঠানের শুরুতে ছিল ভাষার গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ ও ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’। এরপর সমাগতরা ভাষা–মতিন স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাসান আরিফ।

ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় আবদুল মতিনের অবদান অসাধারণত্বের স্বীকৃতি পাবে। তাঁর সৎ ও সরল জীবনযাপন অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’ তিনি বলেন, ‘বাঙালি জাতির মুক্তির সোপান যাঁরা রচনা করেছিলেন, তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন আবদুল মতিন।  ব্যক্তিজীবনে তিনি উচ্চাভিলাষী ছিলেন না, ছিলেন আদর্শবাদী।’

রামেন্দু মজুমদার বলেন, আদর্শের প্রতি জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন ভাষা–মতিন। এটা সবার জন্য শিক্ষণীয়।

নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘ভাষা–মতিন একজন ব্যক্তি নন, তিনি সমষ্টির মহানায়ক।

ভাষা–মতিনের স্ত্রী গুলবদন নেসা মণিকা বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস ও আবদুল মতিনের জীবন-সংগ্রামের নানা অধ্যায় আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এ জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

নাট্যজন মামুনুর রশীদ বলেন, বাংলা ভাষা টিকে থাকবে গৌরব নিয়ে। বাংলা ভাষার এ গৌরবের গুরুত্বপূর্ণ অংশীদার ভাষা–মতিন।

আরও বক্তব্য দেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বদ্যিালয়ের উপ-উপাচার্য শহিদুল্লাহ শিকদার প্রমুখ।