চট্টগ্রামে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম তেমন চোখে পড়ে না। ঘরোয়াভাবেই দলটি কর্মসূচি পালন করে থাকে। তবে দলীয় নেতারা বলছেন, নির্বাচনকে ঘিরে দলের নেতা-কর্মীরা ‘উজ্জীবিত’ হয়ে উঠেছেন।
চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে জাতীয় পার্টি পাঁচটি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী।
জাতীয় পার্টি এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায় নিজ নিজ এলাকায় যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন দলের মনোনয়নপ্রার্থীরা। সপ্তাহখানেক আগে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ চট্টগ্রাম ঘুরে গেছেন। ওই সময় তিনি দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।
জাতীয় পার্টি সূত্র জানায়, দলের প্রেসিডিয়াম সদস্য নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ মন্ত্রিসভায় যোগ দেওয়া পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ হাটহাজারী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমদ রাউজান থেকে নির্বাচন করবেন। এ দুটি আসন ছাড়া চট্টগ্রামের কোতোয়ালি, সীতাকুণ্ড ও বাঁশখালী আসনে জয়ের ব্যাপারে আশাবাদী জাতীয় পার্টির নেতারা। গত ১৭ নভেম্বর চট্টগ্রাম সফরকালে এইচ এম এরশাদ প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে চট্টগ্রামে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনেই প্রার্থী দেব আমরা।’ ১৬ আসনে জয়ের সম্ভাবনা কতটুকু—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব আসনে না জিতলেও বেশির ভাগ আসনেই আমরা জয়লাভ করব।’
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে জাতীয় পার্টির সাংগঠনিক কোনো কার্যক্রম দেখা যায় না। তবে বিষয়টি অস্বীকার করে নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ বলেন, ‘আমরা রাস্তায় মারামারি করি না। শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচি পালন করি।’ তিনি বলেন, নির্বাচন ঘিরে দলীয় নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দলের বেশির ভাগ নেতা-কর্মী নগর জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠের অনুসারী। কিছুসংখ্যক নেতা-কর্মী দলের কেন্দ্রীয় সহসভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের অনুসারী।
মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, ‘আমার সঙ্গে সোলায়মান শেঠের কোনো দ্বন্দ্ব নেই। আমি আমার নেতা-কর্মীদের নিয়ে আছি। চট্টগ্রাম-১১ বন্দর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’
সোলায়মান আলম শেঠ বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই।’
গত মার্চে সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্যের নগর কমিটির ঘোষণা করেন এইচ এম এরশাদ। কমিটির সভাপতি হন সোলায়মান আলম শেঠ এবং সাধারণ সম্পাদক হন তপন চক্রবর্তী।
এইচ এম এরশাদ গত ১৭ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে দেখা করেন। পরে বিকেলে তিনি নগরের চকবাজারে নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠের বাসায় নেতা-কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সেখানে তিনি নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
দলীয় নেতারা বলেন, এরশাদ চট্টগ্রাম ঘুরে যাওয়ার পর দলীয় নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
এদিকে এরশাদকে নিয়ে কটূক্তির অভিযোগে গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবিতে আগুন দেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
সোলায়মান আলম শেঠ বলেন, চট্টগ্রামের ১৬ আসনে ৪০টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। হাটহাজারী আসনে আনিসুল ইসলাম মাহমুদ, রাউজানে জিয়াউদ্দিন আহমদ, কোতোয়ালি ও খাগড়াছড়িতে সোলায়মান আলম শেঠ, সীতাকুণ্ডে দিদারুল কবির, বাঁশখালীতে মাহমুদুল ইসলাম চৌধুরী, আনোয়ারায় তপন চক্রবর্তী, পটিয়ায় নুরুচ্ছাফা সরকার ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম, বন্দর আসনে মোরশেদ মুরাদ ইব্রাহিম ও আবু তাহের এবং চট্টগ্রাম-১০ আসনে খোকন চৌধুরী দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।