‘উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করা হবে’
পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, বরেন্দ্র অঞ্চলের সেচ কাজের জন্য বিলম্বে হলেও উত্তর রাজশাহী সেচ প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে। এ সরকারের আমলে এ প্রকল্পের বাস্তবায়ন করা হবে। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরের শ্যামপুর এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে শ্যামপুরে ১ দশমিক ৬৬ কিলোমিটার এলাকায় নদীর সংরক্ষণ কাজ চলছে। শুক্রবার মন্ত্রীর এই কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাউবোর উত্তর-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী সাজেদুল করিম চৌধুরী, রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহাতাব উদ্দিন, নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভুঁইয়া, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান প্রমুখ।মন্ত্রী আরও বলেন, রাজবাড়ীর পাংশাতে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মা নদীতে পানি সংরক্ষণ করা হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে পদ্মার শাখা নদীগুলো খনন করে সেচকাজের জন্য পানি সংরক্ষণ করা হবে।পরে মন্ত্রী রাজশাহী সার্কিট হাউসে প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সুধীসমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, চাঁপাইনবাবগঞ্জের সাংসদ জিয়াউর রহমান, বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভুঞা, জেলা প্রশাসক শেফাউল করিম, আওয়ামী লীগের নেতা রফিক উদ্দিন, শফিকুর রহমান বাদশা, শাহাদত হোসেন, আসলাম সরকার প্রমুখ।এর আগে মন্ত্রী নাটোরের লালপুরের তিলকপুর-পালিদহ ভায়া গৌরীপুর পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ বাঁধ পরিদর্শন করেন। বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাংসদ শেফালী মমতাজ, নাটোরের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, ইউএনও মো. জহিরুল ইসলাম, ইউনুস আলী, ইসাহাক আলী প্রমুখ।