চারজনের বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে নির্দেশনা চাওয়া হচ্ছে
‘উত্তরা কেলেঙ্কারি’র ২৩ কর্মকর্তাকে ক্ষমা
‘উত্তরা কেলেঙ্কারি’র ঘটনায় জড়িত ২৭ কর্মকর্তার মধ্যে ২৩ জনকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এর মধ্যে নয়জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচজনকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বাকি চার কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে বা তাঁদেরও ক্ষমা করে দেওয়া হবে কি না তা জানতে চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অভিযুক্ত চারজন হলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব এ কে এম জাহাঙ্গীর, তৎকালীন যুগ্ম সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক আবদুল বারী, মন্ত্রিপরিষদ বিভাগের তৎকালীন যুগ্ম সচিব আবদুস সবুর এবং সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আবদুল মতিন। এঁরা এখন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আছেন।সংস্থাপন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এ বিষয়ে বলেছে, সরকারি কর্মচারী আচরণবিধির ২৫(১) নম্বর বিধি অনুযায়ী, তাঁরা ওই বৈঠকে যোগ দিয়ে সরকারি কর্মকর্তার পক্ষে অশোভন ও অসমীচীন আচরণ করেছেন।তদন্ত কমিটি একই ধরনের মতামত দিয়েছে অন্য পাঁচ কর্মকর্তার বিরুদ্ধেও। কিন্তু তাঁদের অশোভন ও অসমীচীন আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দিয়ে ক্ষমা করে দেওয়া হয়।একই অভিযোগে অভিযুক্ত হয়েও যে পাঁচজন ক্ষমা পেয়েছেন তাঁরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক মজিবুর রহমান, তৎকালীন দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদার ও এ জে এম সালাহউদ্দিন নাগরী, তৎকালীন উপসচিব জাকিরুল ইসলাম ও সাবেক এডিসি জাকির হোসেন কামাল।বাকি ১৮ কর্মকর্তার বিষয়ে কমিটি বলেছে, আর্টিসান সিরামিক অফিসে তাঁদের উপস্থিতি সন্তোষজনকভাবে প্রমাণিত হয়নি। তাই তাঁদের ক্ষমা করে দেওয়া হয়েছে বলে জানান সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (শৃঙ্খলা) মোহাম্মদ নজমুল ইসলাম। এই ১৮ কর্মকর্তা হলেন, সাবেক সচিব শহিদুল ইসলাম, সাবেক ডিজি আবদুল আজিজ সরকার, সাবেক আইজিপি ও সচিব আবদুল কাইয়ুম, তৎকালীন সচিব আ ন হ আক্তার হোসেন, তৎকালীন এডিসি সৈয়দ লোকমান হোসেন, প্রধান সম্পত্তি কর্মকর্তা আবু তালেব, সিনিয়র সহকারী সচিব তাহাবুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক শাহিনুর ইসলাম, এডিএম ও সাবেক শিক্ষামন্ত্রীর পিএস মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, উপসচিব আবদুল খালেক, যুগ্ম সচিব এস এম হারুন অর রশিদ, ইএনও ফিরোজ সরকার, সিনিয়র সহকারী সচিব মাহফুজুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ফরিদুল ইসলাম, তৎকালীন ইএনও মাহবুবুর রহমান, সিইও মঞ্জুর মোর্শেদ চৌধুরী, নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব হাফিজুর রহমান।জানতে চাইলে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে জানান, চার কর্মকর্তা বাদে বাকিদের ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু চারজনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সচিব বলেন, এখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেভাবে নির্দেশনা পাওয়া যাবে সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচন সামনে রেখে ২০০৬ সালের ২৪ নভেম্বর রাতে উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা ও দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আর্টিসান সিরামিক’-এ পুলিশসহ জনপ্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা গোপন বৈঠক করেন। খবর পেয়ে গণমাধ্যমের কর্মীরা সেখানে গেলে বৈঠকে যোগ দেওয়া অনেক কর্মকর্তা মুখ ঢেকে ও দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ দৃশ্য ওই রাতে বেসরকারি কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচার এবং পরদিন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার কৃষিসচিব আবদুল আজিজের (বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব) নেতৃত্বে একটি কমিটি গঠন করে। কমিটির তদন্তে ১৩ জনকে দায়ী করে বলা হয়, উপস্থিত সরকারি কর্মকর্তারা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত। তৎকালীন উপদেষ্টা পরিষদের সভায়ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।২০০৭ সালের ১১ জানুয়ারির পটপরিবর্তনের পর ২০০৮ সালে ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি হয়। এঁদের মধ্যে নয়জন সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসচিব জাকিরুল ইসলাম, রেশম বোর্ডের সদস্য জাকির হোসেন কামাল, ওএসডি মজিবুর রহমান, বরিশাল জেলা পরিষদের সচিব সালাউদ্দিন নাগরী, ওএসডি সাজ্জাত হোসেন ভূইয়া, কাজী এনামুল হক, শরফুদ্দিন আহমেদ, আবদুর রহমান তরফদার, প্রকৌশলী সোহেল মাহমুদ ইকবালকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর যুগ্ম সচিব ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার আ. বারী, যুগ্ম সচিব আবদুস সবুর, এ কে এম জাহাঙ্গীর হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস আবদুল মতিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত হয়। বর্তমান সরকারের সময়ে আবার বিষয়টি তদন্ত করা হয় এবং ২৩ জনকে ক্ষমা করে শেষোক্ত চারজনের বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা চাওয়া হয়।