'উত্তরাতে করুন আপনার কেনাকাটা'
“উত্তরাতে করুন আপনার কেনাকাটা”—স্লোগানে উত্তরা ১ নম্বর সেক্টরের লেডিস ক্লাবে জমে উঠেছে ‘ফ্যাশন ও লাইফস্টাইল শো-২০১৬’। আসন্ন রমজানে ঈদের কেনাকাটাকে সহজ করতে এক ছাদের নিচে সব ধরনের ফ্যাশন পণ্য নিয়ে প্রদর্শনীটির আয়োজন করেছে রেড কার্পেট-৩৬৫ নামের একটি সংগঠন।
রেড কার্পেটের অপারেশন ডিরেক্টর সওগাত মজুমদার বলেন, এ প্রদর্শনীতে ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, ফিলিপিন, তুর্কি এবং বাংলাদেশসহ সাতটি দেশ অংশ নিচ্ছে। তারা নানান রকমের শাড়ি, গহনা, জামা-কাপড়, ফ্যাশন পণ্য, মহিলাদের ব্যাগ, জুতা, গৃহস্থালির পণ্য, বিছানার চাদর, অ্যালুমিনিয়াম সামগ্রীসহ অন্যান্য আরও পণ্য নিয়ে এসেছে। তিনি বলেন, ‘উত্তরাতে আমরাই প্রথম এ ধরনের প্রদর্শনীর আয়োজন করেছি।’
কেনাকাটা করতে আসা ক্লাবের এক সদস্য প্রথম আলোকে বলেন, ‘কিছু নতুন পণ্য তারা নিয়ে এসেছে, প্রত্যেকটি দোকানই বৈচিত্রে৵ ভরপুর। আশা করছি, ঈদের কেনাকাটার একাংশ এখানেই সেরে ফেলা যাবে।’
গতকাল থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২১ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনীর উদ্বোধন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহানারা ইসলাম।