'উত্তেজনাকারী' খালেদাকে ঘরে থাকার পরামর্শ ইনুর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঘরে বসে থাকাই মঙ্গলজনক বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর কারণ হিসেবে খালেদা জিয়াকে ‘উত্তেজনাকারী’ বলেন তিনি। নির্বাচনী প্রচারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই উত্তেজনাকারী। উনার স্থান-কাল-পাত্র জ্ঞান থাকা উচিত। ওনাকে দেখলেই মানুষের ক্রোধের সৃষ্টি হতে পারে। তাই ওনার ঘরের ভেতর বসে থাকাই মঙ্গলজনক।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনু এ কথা বলেন। নির্বাচনী প্রচারে নেমে গতকাল বুধবার বিকেলে হামলার মুখে পড়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি। রাজধানীর বাংলামোটরে ছাত্রলীগের চালানো হামলায় খালেদা জিয়ার গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় তিনি গাড়িতেই ছিলেন। তাঁর নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। হামলায় খালেদা জিয়ার একজন উপদেষ্টা, তাঁর পাঁচজন নিরাপত্তাকর্মী ও একজন গাড়িচালক আহত হন। তবে খালেদা জিয়া অক্ষত আছেন। এর আগে কারওয়ান বাজার ও নয়াপল্টন এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা কেন্দ্র করে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সরকার নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে বলেই খালেদা জিয়া অক্ষত অবস্থায় বাড়ি চলে গেছেন। একই সঙ্গে তিনি এই হামলার নিন্দা জানান।
হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়ার হাতে রক্তের দাগ। পিঠে দুর্নীতির ছাপ। শরীরে পোড়া মানুষের গন্ধ। উনি মিথ্যাচারের রানি। রাজনীতিতে তিনি থাকবেন কি থাকবেন না, সে সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে বলব, ‘কথায় কথায় বিদেশিদের কাছে ধরনা দেবেন না। তওবা করুন। জাতির কাছে ক্ষমা চেয়ে বিচারের জন্য প্রস্তুত হন।’
তথ্যমন্ত্রী বলেন, এত কিছুর পরও যাঁরা খালেদা জিয়াকে সমর্থন দিচ্ছেন, তাঁরা সবাই আগুন-সন্ত্রাসী। তাঁরা বাংলাদেশকে আগুনে পুড়িয়ে ভস্ম করতে চান বলে তিনি মন্তব্য করেন। ইনু বলেন, সিটি করপোরেশন নির্বাচনকে শেষ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ খুঁজছেন খালেদা জিয়া।
নির্বাচনের আগে উন্নয়নের ফিরিস্তি
সংবাদ সম্মেলনের একপর্যায়ে তথ্যমন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় সাংবাদিকেরা জানতে চান, নির্বাচনের পাঁচ দিন আগে মন্ত্রী হিসেবে এভাবে উন্নয়ন ফিরিস্তি তুলে ধরা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন কি না। জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়া কয়েক দিন ধরে বলছেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে কোনো উন্নয়ন হয়নি। এর চেয়ে মিথ্যাচার আর কী হতে পারে? খালেদা জিয়ার কথার জবাবে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছেন বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, এটি নির্বাচনী বিধির সঙ্গে সম্পর্কিত নয়।