'উত্ত্যক্তকারীকে' হত্যা
যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামে মফিজুর রহমান নামের এক ব্যক্তিকে গত রোববার কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভেকুটিয়া গ্রামের এক নারীকে আটক করা হয়েছে। ওই নারী দাবি করেছেন, তাঁর মেয়েকে উত্ত্যক্ত করার কারণে তিনি মফিজকে কুপিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের মোসলেম শেখের ছেলে মফিজ (৪০) তাঁর এক সহযোগীকে নিয়ে গত বুধবার রাত আটটার দিকে ওই নারীর বাড়িতে যান এবং তাঁর মেয়েকে হাজির করতে বলেন। এ সময় তিনি (৫০) কৌশলে মফিজের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন এবং তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টার দিকে মফিজ মারা যান।
থানা হেফাজতে আটক ওই নারী বলেন, ‘দীর্ঘদিন ধরে মফিজ আমার মেয়েকে উত্ত্যক্ত করছিল। আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয় থেকে গত বছর জেএসসি পরীক্ষা দিয়েছে। মেয়েকে রক্ষা করার জন্য মাস খানেক আগে ঢাকায় বড় ছেলের কাছে পাঠিয়ে দিয়েছি। বুধবার মফিজ অস্ত্রসহ (হাঁসুয়া) আমার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার জন্য বাড়িতে আসে। এ সময় বাড়িতে কেউ ছিল না। ভয়ে আমি মফিজের চোখে মরিচের গুঁড়া দিয়ে তার (মফিজ) হাতে থাকা হাঁসুয়া দিয়ে তাকে কুপিয়েছি।’
তবে মফিজের চাচাতো ভাই আতিয়ার রহমান দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখের ভাষ্যমতে, মফিজ এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন। সবশেষ তিনি ওই নারীর মেয়েকে উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মফিজকে খুঁজতে কিছুদিন আগে এলাকায় পুলিশও পাঠানো হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। মেয়েকে উত্ত্যক্ত করায় ওই নারী মফিজকে কুপিয়ে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।