'উদার গণতান্ত্রিক মানুষ ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকী'

শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী উদার গণতান্ত্রিক মানুষ ছিলেন। তিনি ছিলেন শান্ত কিন্তু দৃঢ় স্বভাবের মানুষ। বাংলাদেশে যে কয়েকজন শিক্ষক জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে ছিলেন, তিনি ছিলেন তাঁদের একজন।
প্রয়াত জিল্লুর রহমান সিদ্দিকী স্মরণে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। আজ মঙ্গলবার বাংলা একাডেমি প্রাঙ্গণে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সিরাজুল ইসলাম চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা তাঁকে শিক্ষাবিদ হিসেবে জানি। কিন্তু তিনি প্রশাসনিক দায়িত্বও খুব অসাধারণভাবে পালন করেছেন। হল প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, ডিন, রেজিস্ট্রার, উপাচার্যসহ নানা দায়িত্ব পালন করেছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। কিন্তু প্রশাসনিক দায়িত্ব পালন করলেও তিনি আমলাতান্ত্রিক ছিলেন না।’
বর্তমান সময়ের কথা উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা যে সমাজে এখন বাস করি সেখানে উদারনীতি নেই। আমরা এক সময় চরমপন্থার দিকে ঝুঁকে ছিলাম। মাঝখানে কিছুটা সময় উদারতার দিকে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা আবারও চরমপন্থার দিকেই যাচ্ছি। তবে জিল্লুর রহমান ছিলেন উদার মানুষ। হৃদয় আর উদারতা দিয়ে গণতান্ত্রিকভাবে এই জনপথে ব্যক্তির সঙ্গে সমষ্টিকে যোগ করতে চেয়েছিলেন তিনি।’
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘জিল্লুর রহমান সিদ্দিকী ছিলেন আমাদের অভিভাবকের মতো। আমাদের দুর্ভাগ্য যে এ বছর আমরা তাঁর মতো কয়েকজন অভিভাবককে হারিয়েছি।’
জিল্লুর রহমানের ছোট ভাই এ কে সিদ্দিকী বলেন, ‘আমরা আট ভাইবোন। সবার বড় ছিলেন জিল্লুর ভাই। বাবার মৃত্যুর পর তিনি আমাদের পরিবারকে আগলে রেখেছিলেন। তাঁর কারণেই আমরা আজকে ভাইবোনেরা এত দূরে আসতে পেরেছি।’
সভায় জিল্লুর রহমানের উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
১১ নভেম্বর মৃত্যুবরণ করেন জিল্লুর রহমান সিদ্দিকী। তাঁর জন্ম ঝিনাইদহে, ১৯২৮ সালের ২৩ ফেব্রুয়ারি। ১৯৪৫ সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করে ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। পরে ইংরেজি সাহিত্যে বি এ ও এম এ ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি নিয়ে শিক্ষকতা শুরু করেন ঢাকা কলেজে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সেখানে উপাচার্য ছিলেন জিল্লুর রহমান। ১৯৯০-৯১ সালে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন তিনি।