'উদীচী-রমনা বটমূলে হামলাকারীরাই যাত্রাপালায় হামলাকারী'
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক বলেছেন, উদীচীর সম্মেলন বা রমনার বটমূলে যারা বোমা হামলা করেছিল, তারাই কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলায় যাত্রাপালার প্যান্ডেলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
দিনাজপুরে কান্তজিউ মন্দির ও রাসমেলা পরিদর্শনকালে মেলায় আসা পুণ্যার্থীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে নিম চন্দ্র ভৌমিক মন্দির পরিদর্শন করেন। তিনি বলেন, ঐতিহাসিক এই রাসমেলা ২৬০ বছরের অধিক সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলা সব ধর্মের মানুষের মেলা। তিনি অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি করেন।
নিম চন্দ্র ভৌমিকের সঙ্গে মেলা পরিদর্শনে আসা কাহারোল-বীরগঞ্জ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন, যাত্রা প্যান্ডেলে বোমা হামলাকারীরা বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ওপরে আঘাত করেছে।
কাহারোল উপজেলার চেয়ারম্যান মামুনুর রশিদ, ঐক্য পরিষদের দিনাজপুর শাখার সভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাতে রাসমেলার যাত্রার আসরে বোমা হামলা হয়। গতকাল রাসমেলা তথা মন্দিরে আসা পুণ্যার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মন্দিরের পুরোহিত পুলিন চক্রবর্তী আক্ষেপ প্রকাশ করে বলেন, ঘটনার দুই দিন পর থেকে মেলায় দর্শনার্থীদের সংখ্যা বেড়ে চলেছে বলে তিনি জানান।