'উদীচী হত্যাকাণ্ডের বিচার না হওয়ার দায় সরকারকে নিতে হবে'
১৫ বছরেও উদীচী হত্যাকাণ্ডের বিচার না হওয়ার দায় সরকারকেই নিতে হবে। কারণ, উদীচী হামলার বিচার নিয়ে বিভিন্ন সময়ে রাজনীতি করা হয়েছে। এ কারণে এর সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। ওই হামলার বিচার হয়নি বলেই সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে সংস্কৃতি রক্ষা দিবসের আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা এসব কথা বলেন। ১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলা চালানো হয়। এতে ১০ জন নিহত ও অসংখ্য লোক আহত হন। আলোচনা সভায় যশোর-৫ আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য, প্রবীণ শিক্ষক তারাপদ দাস, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি কাজী রবিউল হক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদ, উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের ব্যবস্থাপনা পরিষদের আহ্বায়ক কাজী আবদুস শহীদ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সিপিবির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উদীচীর সাধারণ সম্পাদক ডি এম শাহিদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। সন্ধ্যায় টাউন হল মাঠে নিহত ১০ শহীদের স্মরণে ১০টি প্রদীপ প্রজ্বালন করা হয়। পরে গান পরিবেশন করা হয়।