'উদ্ধার করা বিস্ফোরক দিয়ে দু-চারটি ভবন উড়িয়ে দেওয়া যাবে'
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল বলেছেন, হাটহাজারীর আমানবাজার এলাকায় জেএমবির এক নেতার ভাড়া বাসা থেকে উদ্ধার করা বিস্ফোরক দিয়ে দু-চারটি ভবন উড়িয়ে দেওয়া যাবে। আজ রোববার বেলা ১১টার দিকে নগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেন।
অভিযানে উদ্ধার হওয়া এমকে-১১ রাইফেল সম্পর্কে আবদুল জলিল মণ্ডল বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি ওই রাইফেলটির নিশানা অত্যন্ত নিখুঁত। এর কার্যকরী রেঞ্জ ১ হাজার ৫০০ গজ এবং এটি দিয়ে প্রতি মিনিটে ৭৫০টি গুলি করা যায়। বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে জঙ্গিরা এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল। কিন্তু তার আগেই পুলিশ তাঁদের ধরে ফেলে।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আরও বলেন, সাধারণ মানুষ জঙ্গিদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করছে। ধর্মের নামে সন্ত্রাস সফল হবে না। গুটি কয়েক মানুষ অপরাধ করবে; আর তা সবাই মেনে নেবে, তা হয় না।
সংবাদ সম্মেলনে অভিযান পরিচালনাকারী নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, প্রায় ছয় মাস আগে আমানবাজারের ওই বাসায় আস্তানা গড়ে তোলে জঙ্গিরা। সেখানে জেএমবির চট্টগ্রামের নেতা ফারদিন রয়েছে, এমন তথ্য পেয়ে তাঁকে ধরতেই আজ অভিযান চালানো হয়। কিন্তু তাঁকে সেখানে পাওয়া যায়নি। পরে বাসাটি থেকে একটি এমকে ১১ স্নাইপার রাইফেল, দুটি ম্যাগাজিন, ২৫০ টি গুলি, পাঁচ কেজি বিস্ফোরক, ১০ টি ডেটোনেটর, বোমা তৈরির কিছু সরঞ্জাম, ধর্মীয় বই, জেএমবির সাংগঠনিক কাগজপত্র, সেনাবাহিনীর ১২টি পোশাক এবং এক জোড়া র্যাংক ব্যাজ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য ও নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্য নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেলকে আটক করা হয়েছে বলে জানিয়েছিল নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। তবে আটক তিন জেএমবি সদস্যকে আজ সাংবাদিকদের সামনে হাজির করা হয়নি।
ডিবির উপপরিদর্শক (এসআই) ফররুখ আহমেদ বলেন, আমানবাজারে অস্ত্র উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে রাত ১১টার দিকে তিনটি মামলা করা হয়েছে। এ সব মামলায় আটক তিন জেএমবি সদস্য ও পলাতক জেএমবির চট্টগ্রামের প্রধান ফারদিনকে আসামি করা হয়।
আরও পড়ুন: