রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক থেকে অপহৃত রাঙামাটির সংগীতশিল্পী সৌরভ চাকমা ওরফে টিনটিন বলেছেন, ‘উদ্ধারের পর মনে হচ্ছে দ্বিতীয় জন্ম পেয়েছি। অপহরণের পর থেকে বাঁচা-মরার যে অনুভূতি ছিল, তা দূর হয়েছে। আমাকে ফিরে পাওয়ায় পরিবার-আত্মীয় সবাই খুশি। সেনাবাহিনী যেভাবে তৎপরতা চালিয়ে আমাদের উদ্ধার করেছে, তার জন্য তাদের সব সদস্যের কাছে আমি ঋণী হয়েছি।’
গতকাল রোববার অপহরণের ঘটনা নিয়ে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালতে দীর্ঘ জবানবন্দি দেন সৌরভ চাকমা ও তাঁর বন্ধু রিকি চাকমা। পরে রাঙামাটি শহরের কে কে রায় সড়কের বাড়িতে ফিরে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম আলোর কাছে নিজের অনুভূতি ব্যক্ত করেন সৌরভ চাকমা। এ সময় তাঁর স্ত্রী ত্রিমিতা চাকমা উপস্থিত ছিলেন।
সৌরভ চাকমা বলেন, ‘শুক্রবার দুপুরের খাবারের সময় অপহরণকারীরা আমাদের জানায়, আজ আমাদের ছেড়ে দেওয়া হবে। এরপর সন্ধ্যা হওয়ার আগে আমাদের স্থান পরিবর্তন শুরু হয়। একসময় আমাদের চোখ বেঁধে দিয়ে হাঁটানো হয়। রাতে একটা বৌদ্ধমন্দিরের পাশে এনে চোখের বাঁধন খুলে দিয়ে অপহরণকারীরা নমস্কার দিয়ে বিদায় নেয়। এ সময় রাতের মধ্যে আমরা কী করব ভাবতে না পেরে দিশেহারা হয়ে পড়ি। এর বেশ কিছুক্ষণ পর সেনাবাহিনীর গাড়ি আসতে দেখি। তখন সেনাসদস্যদের কাছে আমাদের পরিচয় দিলে গাড়িতে তুলে নেন।’
সৌরভ আরও বলেন, ‘অপহরণকারীরা পাহাড়ি যুবক। আগে কোনো সময় তাদের দেখেছি বলে মনে হয় না। অপহরণের পর থেকে সব সময় আমাদের পাহারায় চারজন থাকত। এর মধ্যে দুজন অস্ত্রধারী (পিস্তল), অন্য দুজন নিরস্ত্র। অপহরণের দুই দিন পর দুজন পরিবর্তন হলেও অপর দুজন পুরো সময় ছিল।’
সৌরভ জানান, অপহরণের মুহূর্তে অস্ত্রধারী দেখে ভয় পেয়েছিলেন। কিন্তু পরে তাদের সে রকম উগ্র আচরণ না দেখে ভয় কিছুটা কেটে যায়। তার পরও ভয় যে একদম ছিল না, তা নয়। সব সময় একটা ভয়ের মধ্যে থাকতে হয়েছে। কতবার যে স্থান পরিবর্তন করিয়েছে, তার কোনো হিসাব নেই। অপহরণকারীরা রাতেই তাঁদের স্থান পরিবর্তন করাত।
১৪ এপ্রিল খাগড়াছড়ি থেকে একটি অটোরিকশায় রাঙামাটিতে ফিরে আসার পথে খাগড়াছড়ি-রাঙামাটির জেলা সীমানা নানিয়ারচর উপজেলার বেতছড়ি ইউনিয়নের কেঙেলছড়ি এলাকা থেকে সৌরভ চাকমা ও রিকি চাকমাকে একদল অস্ত্রধারী অপহরণ করে।