'উদ্বিগ্ন নাগরিকেরা' ধীরে চলার পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সংকট নিরসনে উদ্বিগ্ন নাগরিকেরা ধীরে এগোচ্ছেন। তাঁদের লক্ষ্য ক্ষমতার পালাবদলের সময়ে সৃষ্টি হওয়া সংকটের স্থায়ী সমাধানে ভূমিকা রাখা।

‘উদ্বিগ্ন নাগরিকদের পক্ষে’ নামে ওই কমিটির একাধিক সূত্র জানিয়েছে, এ লক্ষ্যে তাঁরা পারস্পরিক মতবিনিময় করছেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসার জন্য সময় চেয়েছেন। অবশ্য রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎ​সার উদ্দেশ্যে গতকাল ১০ দিনের জন্য লন্ড​েন গেছেন। জামায়াত ছাড়া সব রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলার প্রস্তুতিও রয়েছে তাঁদের।

চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ করা ও রাজনৈতিক বিরোধ নিরসনে সমান্তরালভাবে আলাপ-আলোচনা শুরুর লক্ষ্যে ১৩ জন বিশিষ্ট নাগরিক প্রায় এক মাস আগে ৯ ফেব্রুয়ারি নতুন এই উদ্যোগ নেন।

ওই দিন তাঁরা রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে চিঠি পাঠান। এরপর ১৩ ফেব্রুয়ারি তাঁরা সংবাদ সম্মেলনে সহিংসতা বন্ধ ও আলোচনা শুরু করার আহ্বান জানান।

নাগরিকদের ওই আহ্বানে এখন পর্যন্ত সরকারপক্ষ সাড়া না দেওয়ায় উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে উদ্বিগ্ন নাগরিকেরা বলছেন, তাঁরা রাতারাতি কিছু একটা করে ফেলবেন—এমনটি মনে করেন না। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও বাস্তবতায় এটা সম্ভবও নয়। তবে তাঁরা হাল ছাড়বেন না। নির্বাচন নিয়ে টেকসই ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যক্তি ও সমষ্টিগত উদ্যোগ চালিয়ে যাবেন।    

নাগরিক উদ্যোগের সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানিয়েছে, সরকারের পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করা হলেও তাঁরা বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন। তাঁদের চিন্তা-ভাবনা ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় এগুলো প্রভাব ফেলবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ ও সমঝোতার লক্ষ্যে নাগরিক সমাজের ওই উদ্যোগের সমালোচনা করে ২২ ফেব্রুয়ারি বলেন, ‘সুশীল সমাজের ১৩ জনের একটি তালিকা দেখলাম। জানি না, এই সুশীল সমাজের সংজ্ঞা কী?’ নাগরিক উদ্যোগের সঙ্গে জড়িত কয়েকজন সম্পর্কে প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে তীর্যক মন্তব্য করেন।  

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একজন সদস্য বলেন, এ ধরনের উদ্যোগ নিলে যে সমালোচনা হবে, এটা তাঁরা জেনেশুনেই ওই পথে এগোচ্ছেন। তাঁর মতে, এই উদ্যোগের সঙ্গে জড়িত কেউ সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং কারও পক্ষ নিয়ে কথা বলবেন না। তাঁদের কোনো কর্মী থাকবে না।

১৩ নাগরিকের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, সব বিষয়ে মোটামুটি একমত হলেও একটি বিষয়ে নাগরিকদের মধ্যে কিছুটা দ্বিমত রয়েছে। বেশির ভাগ প্রবীণ ও অভিজ্ঞ নাগরিকেরা চাচ্ছেন, বুঝেশুনে ও পরিস্থিতি বিশ্লেষণ করে সামনে এগোতে। তবে কয়েকজন এ বিষয়টি নিয়ে এখনই ব্যাপক আলাপ-আলোচনা ও সমঝোতার চেষ্টা শুরুর পক্ষে।

কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রাজনৈতিক পক্ষগুলো নাগরিকদের আস্থায় নিলে সামনে এগোনো সহজ হবে। এ জন্য আওয়াজ না দিয়ে বুঝেশুনে ও যুক্তির ভেতর দিয়ে এগোতে হবে। এক প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন, ‘এই উদ্যোগ সফল না ব্যর্থ, তা বলার সময় আসেনি। তবে উদ্বিগ্ন নাগরিকেরা যা মনে করছেন বা বলছেন, বর্তমান সংকট নিরসনে এর বিকল্প আর কিছু্ নেই।’

সূত্রমতে, এই কমিটিতে আরও কয়েকজন সদস্য যুক্ত হবেন। রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কাউকে এই কমিটিতে নেওয়া হবে না। তবে ১৩ নাগরিকের মধ্যে পোশাকশিল্প মালিক আনোয়ারুল আলম চৌধুরী নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় এখন উদ্যোগের সঙ্গে আছেন ১২ জন।

নাগরিক এই উদ্যোগের সঙ্গে জড়িত অন্য সদস্যরা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, এ এস এম শাহজাহান, জামিলুর রেজা চৌধুরী, আকবর আলি খান, সি এম শফি সামি, রাশেদা কে চৌধুরী ও রোকেয়া আফজাল রহমান। এ ছাড়া আছেন লেখক সৈয়দ আবুল মকসুদ, আইনজীবী শাহদীন মালিক, গবেষক-অর্থনীতিবিদ আহসান মনসুর ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

নাগরিকদের উদ্যোগ ও এর অগগ্রতি সম্পর্কে জানতে চাইলে কমিটির আহ্বায়ক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমরা আগেও যা বলেছি, এখনো তাই বলছি। এর বাইরে নতুন কিছু বলার সময় এখনো আসেনি।’