'উদ্ভট' অভিযোগে মামলা নারী কাউন্সিলর গ্রেপ্তার
অভিযোগ—সিলেট নগরের যতরপুরের এক বাসায় ঢুকে একজন পুরুষকে বিবস্ত্র করে ছবি তোলা। যতরপুরের বাসিন্দা আবদুল মতিন গত ২৩ জানুয়ারি সিলেট কোতোয়ালি থানায় এই অভিযোগে মামলা করেন। পুলিশ গতকাল শনিবার বিকেলে যতরপুরের নিজ বাসা থেকে সিলেট সিটি করপোরেশনের নারী ওয়ার্ড কাউন্সিলর দিবা রানী দেকে গ্রেপ্তার করে।
দিবা রানী দে সিলেট সিটি করপোরেশনের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক। যে অভিযোগে দিবার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটিকে ‘উদ্ভট’ বলে অভিহিত করেছেন তাঁর পরিবারসহ রাজনৈতিক সহকর্মীরা।
দিবার স্বামী মনীন্দ্র রঞ্জন দে জানান, তাঁদের বাড়িঘর ও দেব-মন্দিরের জায়গার দখল নিতে একটি চক্র দীর্ঘদিন ধরে তৎপর। ভূমিদস্যু ওই চক্র নানান ষড়যন্ত্র করছে। এ চক্রের সদস্য আবদুল মতিন মিথ্যা মামলা দিয়ে তাঁর স্ত্রী দিবা রানীকে অভিযুক্ত করেন। পুলিশ কথিত তদন্তের নামে মিথ্যা মামলায় দিবাকে গ্রেপ্তার করেছে। মামলার বাদী আবদুল মতিনের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ধরেননি।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হক দাবি করেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। একজন নারী কীভাবে পুরুষকে বিবস্ত্র করে ছবি তুলবেন—এমন প্রশ্নে এসআই বলেন, অভিযোগ যা-ই হোক, পূর্ণাঙ্গ তদন্তে অভিযোগটি ভুয়া প্রমাণিত হলে সে অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।