'উন্নত খাবার' খেয়ে ৬৫ বন্দী ডায়রিয়ায় আক্রান্ত
পয়লা বৈশাখে ‘উন্নত খাবার’ খেয়ে বাগেরহাট জেলা কারাগারের অন্তত ৬৫ জন বন্দী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অসুস্থ হয়ে পড়া কয়েকজন বন্দী বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে গত সোমবার সকাল, দুপুর ও রাতে কারাগারে পান্তা-ইলিশ, মাংস, ফলসহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। ড়শলভঠ সকালে কয়েকজন বন্দী তাঁদের পাতলা পায়খানা ও বমি হওয়ার কথা কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে চিকিৎসক নজরুল ইসলাম এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন এবং পর্যায়ক্রমে ২০ বন্দীকে সদর হাসপাতালে স্থানান্তর করেন।
বাগেরহাট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা কুহেলী বেগম বলেন, ‘গরমজনিত কারণে গুরুপাক খাদ্য হজম না হওয়ায় বন্দীরা পাতলা পায়খানা ও বমি করা শুরু করেন।
প্রথম দু-একজনের এই অবস্থা দেখে অন্যরাও মনস্তাত্ত্বিকভাবে ওই রোগে আক্রান্ত হয়ে পড়েন। এ ধরনের পরিস্থিতিকে ম্যাস ডায়রিয়া বলে থাকি।’
তবে বাগেরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আমানুল্লাহ বলেন, কারাগারে সুপেয় পানির সংকটের কারণে প্রচণ্ড গরমের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সিভিল সার্জন বাকির হোসেন জানান, সদর হাসপাতালে ভর্তি হওয়া বন্দীদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। কারাগারের ভেতরে থাকা বন্দীদের জন্য বাগেরহাট সদর হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা মোশারেফ হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি চিকিৎসা দল সেখানে পাঠানো হয়েছে।