মনজুরের প্রচারণায় ছাত্রলীগের হামলা
'উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে কমলালেবু প্রতীকে ভোট দিন'
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রচারণার সময় হামলা চালিয়েছে ছাত্রলীগ। নির্বাচনী প্রচারণার শেষ দিনে গতকাল রোববার বেলা একটার দিকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রসংসদের সাবেক সহসভাপতি ও ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান হামলার বিষয়টি স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, মনজুর আলমের সমর্থকেরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। পরে পলিটেকনিকের ছাত্রদের সঙ্গে নিয়ে তাঁদের (মনজুরের সমর্থক) ধাওয়া করা হয়।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মনজুর আলম বলেন, ‘দুপুর ১২টার দিকে নগরের ২ নম্বর গেট থেকে নেতা-কর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে প্রচারণা শুরু করি। রহমান নগর এলাকায় প্রচার শেষে বেলা ১টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ৩০-৪০ জন যুবক অতর্কিতে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হন। এ ছাড়া আমার ব্যক্তিগত ভিডিও ক্যামেরা ভাঙচুর করা হয়।’
হামলার সময় মনজুর আলমের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামলাকারীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতর থেকে এসে হামলা করেছে। তারা লাঠিসোঁটা ও পাথর নিয়ে হামলা চালায়। হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন থেকে সরে যেতেই এ হামলা করা হয়েছে। কিন্তু আমরা নির্বাচন থেকে সরব না।’
খুলশী থানার ওসি সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে। তাই দুই পক্ষকেই মামলা করতে বলা হয়েছে।
মনজুর আলমের ছেলে সারোয়ার আলম জানান, হামলার ঘটনায় রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মামলা করা হয়নি। নির্বাচন কমিশনেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।
মনজুর আলমের গণসংযোগ: মোহাম্মদ মনজুর আলম গতকাল সকালে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আবদুল্লাহ আল নোমান।
গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের বিশ্বকলোনির রেলগেট থেকে প্রচারণা শুরু করেন মনজুর আলম। এরপর সিডিএ আবাসিক এলাকা, আকবর শাহ, বিশ্বকলোনির জি-ব্লক ও ডি-ব্লক, ইস্পাহানি মোড় এবং পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগের সময় মনজুর আলম ভোটারদের উদ্দেশে বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে ২৮ এপ্রিল কমলালেবু প্রতীকে ভোট দিন।’