'উন্নয়নের স্বার্থে' নৌকার প্রচারে বিএনপির নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভা নির্বাচনে ‘এলাকার উন্নয়নের স্বার্থে’ আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি ইসমাঈল হোসেন খান। তাঁর সঙ্গে ছিলেন কর্মী-সমর্থকেরাও।
কাঁকনহাট পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে দুজন প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আব্দুল মজিদ। বিএনপির প্রার্থী পৌর বিএনপির সদস্য হাফিজুর রহমান। পৌর বিএনপির সভাপতি ইসমাঈল হোসেন খান মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু তিনি মনোনয়ন না পেয়ে নৌকার পক্ষে প্রচারে নেমেছেন। এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগও করছেন।
ইসমাঈল হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাফিজুর রহমানকে মনোনয়ন দেওয়া হলে নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করবে না—এটা অনেক আগে থেকেই সবাই বলেছিল। কিন্তু তারপরও মনোনয়ন-বাণিজ্যের কারণে হাফিজুর রহমানই মনোনয়ন পান। ফলে তাঁর পক্ষে দলের নেতা-কর্মীদের কোনো সমর্থন নেই।’
এ অবস্থায় ২২ ডিসেম্বর কাঁকনহাটে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী হাফিজুর রহমানের পক্ষে গণসংযোগে করতে গেলে বাধার মুখে পড়েন ব্যারিস্টার আমিনুল হক। ওই দিন পৌর বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা আমিনুল হকের আগমন প্রতিহত করার ঘোষণা দেন। নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কাঁকনহাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার প্রবেশমুখ শেরাপাড়ায় সড়ক অবরোধ করে রাখেন। ফলে কাঁকনহাটের সীমানায় প্রবেশ করতে না পেরেই ফিরে যান আমিনুল হক।
কাঁকনহাট পৌরসভা নির্বাচনে গত দুই মেয়াদে বিএনপির দলীয় প্রার্থী ছিলেন ইসমাঈল হোসেন খান। দুবারই তিনি মজিদের কাছে হেরে যান। ইসমাঈল হোসেনের ছেলে জুয়েল খান কাঁকনহাট পৌর যুবদলের সভাপতি। ইসমাঈল হোসেনকে মনোনয়ন না দেওয়ায় যুবদলের নেতা-কর্মীরাও আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে নামেন।
জুয়েল খান বলেন, তাঁদের সঙ্গে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল আলী, যুবদলের সাধারণ সম্পাদক এহেতেসামুল হক, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রবসহ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মজিদের পক্ষে মাঠে কাজ করছেন। তাঁরা গত দু-তিন দিনে পৌর বিএনপির সভাপতি ইসমাঈল হোসেন খানের নেতৃত্বে পৌর এলাকার ঘিয়াপাড়া, পাঁচগাছিয়া, সুরশুনিপাড়া, ব্রাহ্মণগ্রাম, রাজারামপুর, নুন্দাপুর, কাদিপুর, মহাদেবপুর, তিলাহারী চাত্রাপুকুর ও সেরাপাড়া এলাকায় গণসংযোগ করেছেন। জুয়েল খান বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে তাঁরা ব্যক্তি মজিদের পক্ষে মাঠে ছিলেন। এখানে রাজনৈতিক বিষয়টি তাঁরা বিবেচনায় নেননি।
নৌকার পক্ষে নামার কারণ সম্পর্কে জানতে চাইলে ইসমাঈল হোসেন বলেন, কাঁকনহাট হচ্ছে গ্রামীণ পৌরসভা। এই এলাকায় উন্নয়ন বলতে প্রথমত রাস্তাঘাটের উন্নয়নকেই বোঝায়। এলাকায় রাস্তাঘাটের যে উন্নয়ন হয়েছে, তা বর্তমান মেয়র আবদুল মজিদ করেছেন। বিএনপির প্রার্থী হাফিজুর রহমানকে জিজ্ঞেস করলে তিনিও বলবেন, তার বাড়ির আশপাশের অলিগলি, রাস্তাঘাট পাকা করেছেন বর্তমান মেয়র। তাই গণসংযোগে গিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে মানুষের কাছে নৌকায় ভোট চাইছেন। বিএনপির পদে থেকে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেওয়ায় দল তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা কী সিদ্ধান্ত নেবেন সেটা তাঁদের ব্যাপার। তবে তিনি তাঁর মতো কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ‘দলীয় মনোনয়ন ঘোষণার এক সপ্তাহ আগেও ব্যারিস্টার আমিনুল হক আমাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। কিন্তু হঠাৎ করেই হাফিজুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।’ তিনি অভিযোগ করেন, মনোনয়ন নিয়ে বাণিজ্য হয়েছে। এর সত্যতাও পাওয়া গেছে।