'উন্মুক্ত পদ্ধতিতে' উন্মুক্তের পরীক্ষা

বরগুনার আমতলী উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি ও স্নাতক পর্যায়ের পরীক্ষায় নকলের মহোৎসব চলছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সকালে আমতলী মফিজ উদ্দীন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক শাখার নবম ও দশম শ্রেণির বাংলা বিষয়ের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের বই খুলে উত্তরপত্রে লিখতে দেখা যায়। একইভাবে আমতলী ডিিগ্র কলেজে স্নাতক পর্যায়ের ইসলামিক স্টাডিজ ও ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের অবাধে বই খুলে বেঞ্চের ওপরে তুলে উত্তরপত্রে লিখতে দেখা যায়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক পর্যায়ে গতকাল শুক্রবার ও স্নাতক পর্যায়ে গত ২৮ জুন পরীক্ষা শুরু হয়। প্রতি শুক্রবার এই পরীক্ষা গ্রহণ করা হয়।
আমতলী ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, এ বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কেন্দ্রে স্নাতক পর্যায়ে ২৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। গতকাল সকালে স্নাতক প্রথম বর্ষে ইসলামিক স্টাডিজ বিষয়ে ১৭৬ জন ও বিকেলে স্নাতক ষষ্ঠ বর্ষে ইতিহাস বিষয়ে ৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। মাধ্যমিক পর্যায়ে আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সকালের পালায় নবম শ্রেণিতে ৯৬ জন ও বিকেলে দশম শ্রেণিতে ৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
সকালে ও বিকেলে আমতলী ডিগ্রি কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীরা অবাধে বই বেঞ্চের ওপরে তুলে উত্তরপত্রে লিখছেন। পরীক্ষার কেন্দ্রে যাতে গণমাধ্যমকর্মীরা ঢুকতে না পারেন, সে জন্য কেন্দ্রের বাইরে ও ভেতরে বিশেষ নজরদারি রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একটি সূত্র জানায়, আওয়ামী লীগের স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ও তাঁদের আত্মীয়স্বজন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ জন্য গণমাধ্যমকর্মীদের পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
অনিয়মের বিষয়ে আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সমন্বয়কারী মো. সুলতান মিয়া বলেন, ‘বয়স্ক ছেলে-মেয়েরা পরীক্ষা দিচ্ছে, একটু তো ছাড় দিতেই হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক আমতলী ডিিগ্র কলেজ কেন্দ্রের এক পরীক্ষার্থী বলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা হলে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে বিষয়প্রতি ২০০ টাকা নিয়েছেন। একইভাবে নকলের সুযোগ দেওয়ার কথা বলে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছেন বলে কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেন। তবে কেন্দ্রসচিব সুলতান আহমেদ ও আফজাল হোসেন টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে যান।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ভিজিলেন্স দলের সদস্য মো. আনোয়ারুল ইসলাম নকলের কথা স্বীকার করে বলেন, সকালে আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকল করার অপরাধে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। আমতলী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, ‘আমরা যথাসম্ভব নকল রোধ করার ব্যাপারে চেষ্টা করছি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবেন্দ্রনাথ ওঁরাও বলেন, ‘আমিও যখন কেন্দ্র পরিদর্শনে যাই তখন তো এমন কিছু দেখি না। এখন আমার পক্ষে তো প্রতিটি কেন্দ্রে তিন ঘণ্টা বসে থাকা সম্ভব না। আমাকে অনেকেই এ বিষয়ে অবহিত করেছেন। আমি দুটি কেন্দ্রের কেন্দ্রসচিবকে ডেকেছি, যাতে সামনে আর এই অনিয়ম না হয়। এর পরেও যদি তা অব্যাহত থাকে তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওযা হবে। পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ আমিও শুনেছি তবে লিখিতভাবে কেউ অভিযোগ না করায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’