'উপকূলীয় অঞ্চলে বেশি করে গাছ লাগাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় এলাকায় বেশি করে গাছ লাগাতে হবে। এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষকে রক্ষা করা সম্ভব। গতকাল শনিবার খুলনার একটি হোটেলে আয়োজিত ‘দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং জলবায়ু পরিবর্তন’-এর ওপর তৃতীয় আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার আবদুস সামাদ এ কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন ও নেদারল্যান্ডসের বৈজ্ঞানিক গবেষণা সংস্থার আর্থিক সহায়তায় এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) এ সম্মেলনের আয়োজন করে।
জেজেএসের নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল কাদির এবং ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক দিলীপ কুমার দত্ত।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, খাল-পুকুর-জলাশয় ভরাট করে কোনো স্থাপনা করা যাবে না। বরং সেগুলো সংরক্ষণ করে মিষ্টি পানির আধার তৈরি করতে হবে। খুলনার সব জেলা পরিষদ ও জেলা প্রশাসককে ইতিমধ্যে সরকারি ও খাসজমির জলাশয় সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বেসরকারি কোনো সংস্থা যদি খাসজমিতে পুকুর খনন কর্মসূচি গ্রহণ করতে চায়, তাহলে তাদের সহায়তা দেওয়া হবে।
নুরুল কাদির বলেন, সাধারণ মানুষের জীবন-জীবিকা নিয়ে কোনো ধরনের ব্যবসা করা যাবে না। টেকসই উন্নয়ন কৌশলপত্রে (এসডিজি) উপকূলীয় এলাকার মানুষের অভিযোজন কৌশলকে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে।
দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন পর্যায়ে প্রবন্ধ উপস্থাপন করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তানজিল সওগাত, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের প্রকল্প সমন্বয়কারী পলাশ কান্তি হালদার, জেজেএসের প্রকল্প সমন্বয়কারী জিয়া আহমেদ, খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের বাসিন্দা কাদের মৃধা প্রমুখ।