'উপযুক্ত পরিবেশের অভাবে তরুণেরা বিপথগামী হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপযুক্ত পরিবেশের অভাবে তরুণেরা বিপথগামী হচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, তাদের সঠিক পথে আনার দায়িত্ব মুক্তিযুদ্ধের প্রজন্মের লোকজনকে নিতে হবে।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে দুর্নীতিবিরোধী এক মানববন্ধনে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘দুর্জয় তারুণ্য—দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’ স্লোগানে এই মানববন্ধন হয়। পরে টিএসসির মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদ (ডিইউডিএস) ও টিআইবির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৬’-এর উদ্বোধন করা হয়।

মানববন্ধনে ইফতেখারুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের যে আত্মপরিচয়, তার সঙ্গে জঙ্গিবাদ-উগ্রবাদ বা সাম্প্রদায়িকতার বিষয়গুলো মোটেই যায় না। এ চেতনায় উদ্বুদ্ধ যে তরুণ সমাজ তারা অবশ্যই সেগুলোকে বর্জন করবে। তাদের বিপথগামিতা থেকে বিরত রাখার দায়িত্ব মুক্তিযুদ্ধের প্রজন্মের লোকদের নিতে হবে।

ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির শাস্তি না হওয়ায় একধরনের বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে। এ দেশের সব ইতিবাচক অর্জনে তরুণেরা যেভাবে নেতৃত্ব দিয়েছে, তেমনি এই সমস্যা কাটিয়ে উঠতেও তরুণদের এগিয়ে আসতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, দুর্নীতি একটি পিশাচবোধক প্রত্যয়। একে প্রতিরোধ করার উপযুক্ত সময় হচ্ছে তারুণ্য। তরুণদের এগিয়ে আসার মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব।

ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, দুর্নীতি এমন একটি ব্যাধি, যেটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তরুণেরা এগিয়ে এলে এই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। এর জন্য তরুণদের মহাপুরুষদের জীবনী জানা, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করা, রোল মডেল খোঁজা ও দুর্নীতি প্রতিরোধে সব সময় সক্রিয় থাকার পরামর্শ দেন তিনি।

মানববন্ধনে ইয়েস এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, বিভিন্ন স্কুলের বিতার্কিক ও টিআইবির কর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা দুর্নীতি থেকে বিরত থাকার এবং একে প্রতিহত করার শপথ নেন। পরে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। সারা দেশের ৬০টি স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণি পড়ুয়া প্রায় ২০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।