শিক্ষার মানোন্নয়নে ‘লক্ষ লোকের শিক্ষাযাত্রা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, আমাদের শিক্ষা পরীক্ষামুখী, সংস্কৃতি থেকে বিচ্যুত। এতে মানবিক গুণসম্পন্ন মানুষ হওয়া কষ্টকর। উপযুক্ত শিক্ষার অভাবে অসহিষ্ণুতা, সহিংসতা, ধর্মান্ধতা, দুর্নীতি বাড়ছে।
গতকাল শুক্রবার নবগঠিত বিদ্যাসাগর রোকেয়া শিক্ষা ট্রাস্টের উদ্যোগে নগরের ফুলকি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সম্পাদক কবি আবুল মোমেন, ট্রাস্টি শামসুল হোসাইন, অধ্যাপক গোলাম মুস্তাফা, অধ্যক্ষ ফেরদৌস আরা আলীম এতে বক্তব্য দেন।
আবুল মোমেন বলেন, চার কোটি শিশু স্কুলগামী। তারা সবাই কীভাবে ভালো ফল করবে, তা নিয়ে ব্যস্ত থাকে। শিক্ষার লক্ষ্য সম্পর্কে প্রশাসন, অভিভাবক সর্বক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে। তিনি আরও বলেন, ‘একা সরকার কিংবা আমাদের পক্ষে এ থেকে উত্তরণ সম্ভব নয়। তাই লক্ষ লোককে নিয়ে আমরা একটি উদ্যোগ নিতে চাই, যেখানে শিশুদের জীবনের সুষ্ঠু ভিত্তি রচিত হবে। এ জন্য এর নাম দেওয়া হয়েছে লক্ষ লোকের শিক্ষাযাত্রা।