>ছয় দিনে ধানের শীষের পাঁচ প্রার্থীর ওপর হামলা। নগরে ধানের শীষের পোস্টার হাতে গোনা।
প্রতীক বরাদ্দের পর থেকেই ঢাকা মহানগরের আসনগুলোতে আওয়ামী লীগ ও এর মিত্র দলগুলোর প্রার্থীদের প্রচারণা চলছে জোরেশোরে। কিন্তু সেভাবে মাঠে দেখা যাচ্ছে না বিএনপি ও শরিক দলগুলোর প্রার্থীদের। গতকাল রোববার পর্যন্ত চারজন প্রার্থীকে একবারের জন্যও মাঠে দেখা যায়নি। গোটা শহর ক্ষমতাসীন দলের প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেলেও ধানের শীষের পোস্টার নেই বললেই চলে।
ধানের শীষের প্রার্থীরা বলছেন, গত ছয় দিনে রাজধানীতে বিএনপি ও এর শরিক দলের পাঁচজন প্রার্থীর ওপর হামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অনেক নেতা–কর্মীকে। পোস্টার লাগালে ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব কারণে তাঁরা ঠিকমতো নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না। গণসংযোগে নামার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন তাঁরা।
ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে ঢাকা মহানগরে পড়েছে ১৫টি আসন (ঢাকা-৪ থেকে ১৮)। ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে ১০টিতে বিএনপি প্রার্থী দিয়েছে। বাকি ৫টি শরিক দলকে ছেড়ে দিয়েছে দলটি।
জানা গেছে, আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর থেকে এখনো মাঠে নামতে পারেননি ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম, ঢাকা-১০ আসনের প্রার্থী আবদুল মান্নান, ঢাকা-১৬ আসনের প্রার্থী আহসান উল্লাহ ও ঢাকা-১৫ আসনের প্রার্থী শফিকুর রহমান। জানা গেছে, এই চার প্রার্থী নিজে নামতে না পারলেও তাঁদের অনুসারীরা বিক্ষিপ্তভাবে প্রচারপত্র বিতরণ করেছেন। এতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
সাইফুল আলমের বিরুদ্ধে মামলা আছে ২৬৭টি। গতকাল মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের কড়াকড়ির কারণে আমি প্রচারে না নামলেও প্রতিদিনই আমার সমর্থকেরা প্রচারপত্র বিতরণ করছেন। এতেও বাধা দেওয়া হচ্ছে। গত শনিবার রাতে পোস্টার লাগানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে প্রচারপত্র বিতরণের সময় গ্রেপ্তার করা হয় পাঁচ নারী কর্মীকে। আমার এলাকায় কোনো নেতা বাসা-বাড়িতে থাকতে পারছেন না। গত শনিবার রাতে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়েছিল, কিন্তু ভোর হতে না হতেই সব ছিঁড়ে ফেলা হয়।’
ঢাকা-১৬ আসনের প্রার্থী আহসান উল্লাহের স্ত্রী গত শনিবার মহিলা দলের নেতা-কর্মীদের নিয়ে প্রচারণায় নেমে হামলার মুখে পড়েন। হামলায় বিএনপির অন্তত ১৫ জন নারী কর্মী আহত হন। এই ঘটনার পর আহসান উল্লাহর স্ত্রী রিনা হাসানকে পুলিশ আটক করেছে। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার কাগজ দু-এক দিনের মধ্যে তিনি হাতে পাবেন। তারপর প্রচারে নামবেন তিনি।
প্রতীক বরাদ্দের পর ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। জানা গেছে, গণসংযোগের সময় তিনি দুই দিন পুলিশের বাধার মুখে পড়েন।
সালাহ উদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমদ প্রথম আলোকে বলেন, গত ছয় দিনে ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ, কদমতলীর থানা বিএনপির সহসভাপতি জাফর আহমেদ, ৫৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাজল মৃধা, সাধারণ সম্পাদক মুনিরসহ বিভিন্ন পর্যায়ের অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়িতেও গত রাতে পুলিশ তল্লাশি চালিয়েছে।
নিয়মিত মাঠে নামছেন ঢাকা–৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস ও ঢাকা–৯ আসনের প্রার্থী তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। তাঁরা দুজনই হামলার শিকার হয়েছেন। গত বুধবার সকালে বাসাবো বৌদ্ধমন্দির এলাকায় গণসংযোগকালে আফরোজা আব্বাস ও তাঁর কর্মীদের ওপর হামলা হয়। গণসংযোগে হামলার পর এক দিন বিরতি দিয়ে আবার গণসংযোগে নামেন আফরোজা আব্বাস।
গত শনিবার সেগুনবাগিচা এলাকায় হামলার মুখে পড়েন মির্জা আব্বাস। এরপর গতকাল তিনি গণসংযোগে নামেননি।
ঢাকা–৫ আসনের প্রার্থী নবী উল্লাহ এ পর্যন্ত মাত্র দুই দিন গণসংযোগ করেছেন।
প্রতীক বরাদ্দের তিন দিন পর প্রচারে নেমেই হামলার মুখে পড়েছেন ঢাকা–৭ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরী। গত শুক্রবার ফরিদাবাদ মাদ্রাসার সামনে এবং গত শনিবার হাটখোলা টিকাটুলী এলাকায় তাঁর গণসংযোগে হামলা হয়। সুব্রত চৌধুরীর অভিযোগ, তিনি ব্যানার–পোস্টারও লাগাতে পারছেন না।
ঢাকা–৭ আসনের প্রার্থী মোস্তফা মোহসীন এ পর্যন্ত কেবল এক দিন গণসংযোগ করেছেন। গতকাল তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিজয় দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত আছেন, তাই রোববার গণসংযোগ করেননি। অবশ্য তাঁর কয়েকজন কর্মী বলেন, হামলার আশঙ্কার তাঁরা গণসংযোগ করছেন না।
ঢাকা–১১ আসনের প্রার্থী শামীমা আরা বেগম অবশ্য প্রতীক বরাদ্দের পর থেকেই গণসংযোগে আছেন।
ঢাকা–১৩ আসনের প্রার্থী আবদুস সালাম গণসংযোগে নেমেছেন। গতকাল জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় দিবসের শোভাযাত্রায় তিনি অংশ নেন। এরপর আর গণসংযোগে নামেননি।
ঢাকা–১৪ আসনে প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক তিন দিন প্রচারে নামেন। গতকাল কল্যাণপুরে রোডস অ্যান্ড হাইওয়ে কোয়ার্টারে তিনি গণসংযোগ করেছেন। তাঁর অভিযোগ, প্রতীক বরাদ্দের পর ২৯ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা–১৫ আসনে জামায়াতের প্রার্থী এখনো প্রচারে নামেননি। জামায়াতের প্রার্থীর অভিযোগ, প্রতীক বরাদ্দের পর ধানের শীষের ১ হাজার ৭০০ পোস্টার ছিনিয়ে নিয়ে গেছেন ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা। এ ছাড়া এ পর্যন্ত তাদের অর্ধশতাধিক নেতা–কর্মীকে আটক করা হয়েছে।
ঢাকা–১৭ আসনের প্রার্থী আন্দালিভ রহমান প্রচারে নেমেছেন মাত্র এক দিন। তাঁর প্রচারে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে দেখা গেছে। এই আসনে ধানের শীষের প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। দলীয় সূত্র জানায়, আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ার বিষয়টি বিএনপির স্থানীয় অনেক নেতা এখনো মেনে নিতে পারেননি। তাই তাঁরা প্রচারেও আসছেন না।
ঢাকা–১৮ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ গণসংযোগ চালিয়েছেন তিন দিন। এর মধ্যে দুই দিনই তাঁর গণসংযোগে হামলা হয়েছে বলে তাঁর অভিযোগ। শহীদ উদ্দিন মাহমুদ গতকাল উত্তরা ৩ নম্বর সেক্টরে গণসংযোগ করেন।
গতকাল সন্ধ্যায় তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হামলা–মামলার ভয়ে সবাইকে গণসংযোগে রাখতে চাচ্ছি না। আপাতত সীমিতসংখ্যক লোকজন নিয়ে গণসংযোগ করছি। উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছি। তখন হাজারো নেতা–কর্মীকে নিয়ে একসঙ্গে গণসংযোগে নামব।’