'উপাচার্য গদি টেকাতে গঠন করেছেন উপাচার্য লীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে ‘প্রশ্নবিদ্ধ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ‘উপাচার্য লীগ’ গঠন করেছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। আর এই ‘উপাচার্য লীগের’ তত্ত্বাবধানে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ।

আজ শনিবার বিকেলে নগরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা এ অভিযোগ করেন। এ সময় উপাচার্যের পদত্যাগের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগের বিলুপ্তি কমিটির সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার সুবাদে উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তিনি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ সন্তান, শ্যালিকা, দুই পুত্রবধূ থেকে শুরু করে অসংখ্য স্বজনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অবৈধভাবে নিয়োগ পাওয়া উপাচার্যের ছেলে ইফতেখার আরিফ ছাত্রলীগের বিলুপ্তি কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে নিয়োগবাণিজ্য শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, কোটি টাকার টেন্ডার, দোকান বরাদ্দ, ছাত্রলীগকে কোণঠাসা করাসহ উপাচার্যের একক আধিপত্য নিশ্চিত করতে উপাচার্য লাখ লাখ টাকা ব্যয়ে গড়ে তুলেছেন নিজস্ব ‘উপাচার্য লীগ’। আর এই উপাচার্য লীগের প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ। এই উপাচার্য লীগ নিয়ন্ত্রণ করছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক জালাল আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, গণশিক্ষাবিষয়ক সম্পাদক রুপম বিশ্বাস ও উপ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান। এই উপাচার্য ছাত্রীকে যৌন হয়রানি, পুলিশের ওপর হামলা, মুরগি চুরি, ছিনতাই, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার গলায় জুতার মালা, কর্মচারী কার্যালয় ভাঙচুর, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা দেওয়া, দোকান লুটপাট, বৌদ্ধ ছাত্রাবাস ও ধর্মীয় উপাসনালয়ে হামলার বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেননি। অথচ এসবের প্রতিবাদ করায় ‘উপাচার্য লীগের নেতারা’ এক অংশের ছাত্রলীগের কর্মীদের শাহজালাল ছাত্রাবাস থেকে বের করে দেন এবং বিস্ফোরক আইনে মামলা করেন।
সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগ ও তাঁর দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি ছাড়াও আরও পাঁচ দফা দাবি জানানো হয়।
এ সময় ছাত্রলীগের বিলুপ্তি কমিটির সহসভাপতি অমিত কুমার বসু, শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুনসহ তাঁদের পক্ষের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


অভিযোগের ব্যাপারে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহর সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের ২৩ হাজার শিক্ষার্থীর তত্ত্বাবধান করি, নির্দিষ্ট একটা পক্ষের তত্ত্বাবধানের প্রশ্নই আসে না।’