'উপায় থাকলে নিজের গায়ে আগুন লাগাইতাম না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশাচালক শামীম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের (এইচডিইউ) বিছানায় দুশ্চিন্তায় সময় কাটছে তাঁর। গত ২৯ জুন সকালে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে গিয়ে পুলিশের কাছে অপমানিত হওয়ার অভিযোগ করছেন তিনি। অপমান ও ক্ষোভে আশুলিয়ার বাইপাইল পুলিশ বক্সের সামনে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। হাত, বুক, দুই কান, গলা ও মুখের বেশ খানিকটাসহ শরীরের ৮ শতাংশ ঝলসে গেছে তাঁর।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শামীম। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামে। বাবা নেই। মা, স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে থাকেন আশুলিয়ার নরসিংহপুরে। স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। সপ্তম শ্রেণিতে পড়ুয়া বড় মেয়ের কানে সমস্যা। অস্ত্রোপচারে অনেক টাকার প্রয়োজন ছিল তখন।

শামীম শিকদার বলেন, ‘জীবনে শরীরে ব্লেডের পোঁচ পর্যন্ত দেই নাই, কেমনে যে নিজের শরীরে আগুন দিয়েছি, তা নিজেও বুঝতে পারি নাই। পুলিশ বলেছিল, সাহস থাকলে আগুন লাগাইয়া দেখ! এই কথা শোনার পর মাথা ঠান্ডা রাখতে পারি নাই। এখন বুঝি, কাজটা ঠিক হয় নাই। দুশ্চিন্তা হয়, সংসারটা চলবে কেমনে?’

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের (এইচডিইউ) বিছানায় বসে কথাগুলো বলেন শামীম শিকদার। তিনি বলেন, ‘উপায় থাকলে নিজের গায়ে আগুন লাগাইতাম না। মেয়ের অপারেশনের জন্য টাকা লাগব। কেরোসিন কিনে নিজের গায়ে নিজে আগুন দিতেছি, পুলিশ না থামিয়ে উসকানি দিয়েছিল। কষ্ট উইঠ্যা গেছিল।’

শামীমের দাবি, ঘটনার দিন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ সড়কে তিনি ছিলেন না। ট্রাফিক পুলিশ সদস্য নিজেই তাঁর অটোরিকশা থামিয়ে তাতে ওঠেন, যে সড়কে অটোরিকশা নিষিদ্ধ, সে সড়কে যেতে বলেন। ওই সড়কে যেতে না চাইলে ট্রাফিক পুলিশ তাঁকে নিয়ে যান। সড়কে থামানোর পর ওই পুলিশ তাঁর অটোরিকশার ব্যাটারি খুলে ফেলেন। লাঠি দিয়ে দুটো বাড়ি দেন।

শামীম বলেন, ‘পুলিশ ব্যাটারি খুলে ফেলে। মাথা হ্যাং হয়ে যায়। কাছের বাজার থেকে কেরোসিন কিনি। পুলিশ বক্সের সামনে এসে গায়ে ঢালি। কিন্তু পুলিশ তখন তা না ঠেকিয়ে উসকানি দেয়।’

চিকিৎসকেরা বলেন, তাঁকে হাসপাতালে আরও কিছুদিন থাকতে হবে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত এ ঘটনায় তিনি পুলিশের বিরুদ্ধে কোনো মামলা করেননি। তাঁর প্রশ্ন, পুলিশের বিরুদ্ধে মামলা করে কি টিকতে পারবেন?

৬০ হাজার টাকা কিস্তিতে অটোরিকশাটি কিনেছিলেন শামীম। এখন অটোরিকশাটি থানায় আটক। ৬০ হাজার টাকার মধ্যে শামীম ১০ থেকে ১২ হাজার টাকা শোধ করেছিলেন। শামীম জানেন না, সামনের দিনগুলোতে তিনি তাঁর পরিবার নিয়ে কীভাবে বাঁচবেন।