‘হামার দুর্গতির শ্যাষ আছে গো। এ্যালাও বাড়িত এক বুক পানি। উপায় না পায় রেললাইনোত পড়ি আছি।’ কথাগুলো কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকার গৃহবধূ রওশন আরার। এক সপ্তাহ আগে বাঁধ ভেঙে বাড়িঘরে বন্যার পানি ওঠার পর পরিবারসহ তিনি রেললাইনে আশ্রয় নিয়েছেন।
রওশন আরাদের মতো পাঁচ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে রেললাইন, স্টেশন, কুড়িগ্রাম-চিলমারী পাকা সড়ক, হেলিপ্যাড ও বাঁধে।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পাকা সড়ক ও রেললাইনের দুই পাশে শুধু পানি আর পানি। ঘরবাড়ি ছেড়ে গবাদিপশুসহ স্থানীয় মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন স্থানে। চিলমারী হেলিপ্যাডে প্রায় ৪০টি পরিবারকে মাথার ওপর ত্রিপল দিয়ে প্রচণ্ড রোদ আর গরমেই বাস করতে হচ্ছে। সেখানে আছমা বেগম নামের এক গৃহবধূ বলেন, ‘হাউস করি কেউ এ্যাটে থাকে? এ্যালাও সবার বাড়িত এক বুক করে পানি। বাড়ি ছাড়ি কেউ তাঁবুত থাকে? গরমেত থাকা যায় না। বৃষ্টি হলি কাপড় ভিজি যায়। জুবুথুবু করি থাকি।’
রমনা রেলস্টেশনে আশ্রয় নিয়েছে ১০টি পরিবার। স্টেশনের কুলি সর্দার আবদুল মজিদ বলেন, গত ২৮ জুলাই হঠাৎ পানি বেড়ে যায়। পরদিন রেললাইনের কাছে পানি চলে আসে। ৩০ জুলাই লোকজন গবাদিপশুসহ রেললাইনে আশ্রয় নেয়। একদিকে মাটি নরম, তার ওপর মানুষ আশ্রয় নেওয়ায় ৩১ জুলাই থেকে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এখনো পরিবারগুলো সেখানে অবস্থান করছে।
চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম বলেন, রানীগঞ্জ ইউনিয়নের বুরুজের পাড় এলাকায় ব্রহ্মপুত্র তীর রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে পুরো চিলমারী প্লাবিত হয়। এ ছাড়া দক্ষিণে তিস্তার পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হলেও সবাইকে দেওয়া সম্ভব হয়নি।
তবে ত্রাণ বিতরণ ঠিকভাবেই চলছে দাবি করে চিলমারীর দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযোগ সঠিক নয়।