মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাসের রায় দেওয়া বিচারক মোতাহার হোসেনের সম্পদ অনুসন্ধানে ‘উল্লেখযোগ্য তথ্য’ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, গতকাল বুধবার দুই পেশকারকে জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে সাবেক বিচারক মোতাহার হোসেনের ঘনিষ্ঠজন ও বিভিন্ন মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গতকাল দুদকের প্রধান কার্যালয়ে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর পেশকার আরিফুল ইসলাম ও দ্রুত বিচার ট্রাইবুনাল-৪-এর পেশকার আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক হারুন অর রশীদ।
এ বিষয়ে অধিকতর তদন্তে আজ বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৩-এর গাড়িচালক বশিরউদ্দিন আহমেদকে দুদকে তলব করা হয়েছে।
দুদক সূত্র জানায়, মোতাহার হোসেন বিশেষ জজ আদালত-৩ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ বিচারক হিসেবে কাজ করেছেন। তাই ওই দুই আদালতের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে মোতাহার হোসেন অবসরে যান। ২০ জানুয়ারি তাঁর বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হলেও এর আগেই তিনি দেশ ছাড়েন। দুদকের পাওয়া তথ্য অনুযায়ী, তিনি এখন মালয়েশিয়ায় আছেন।
মওদুদকে জিজ্ঞাসাবাদ: সরকারি ক্ষমতার অপব্যবহার (জালিয়াতি) করে পরিত্যক্ত ঘোষিত সরকারি সম্পত্তি ভোগদখলের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর মামলা করেন দুদকের উপপরিচালক হারুন অর রশীদ। কারাগারে আটক মওদুদকে ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গুলশান আবাসিক এলাকার এন ডব্লিউ (এইচ) ৬, হোল্ডিং নং ১৫৯, গুলশান অ্যাভিনিউতে এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক আয়তনের এ সরকারি প্লটের বর্তমান বাজারমূল্য ৩০০ কোটি টাকার বেশি। হারুন অর রশীদ জানান, আগামী ২ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে মওদুদ আহমদকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে।