বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ অব্যাহত
'উৎপাদন খরচ কমেছে বিদ্যুতের দাম বাড়ানো কারণ নেই'
বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল শনিবারও কয়েকটি রাজনৈতিক দল রাজধানীতে পৃথক বিক্ষোভ-সমাবেশ করে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।
এর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গতকাল সকালে পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল করেছে। সমাবেশে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার ১৬ কোটি মানুষকে ইলেকট্রিক শক দিয়েছে।’ তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুতের উৎপাদন খরচ কমেছে, তাই দাম বাড়ানোর কোনো কারণ নেই। তিনি সরকারকে আমলা, অসৎ ব্যবসায়ীবান্ধব না হয়ে জনবান্ধব হওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন সিপিবির পল্টন থানা কমিটির সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে। দলটির নেতারা বলেন, জ্বালানি খাতের অদক্ষ, দুর্নীতিবাজ, জনস্বার্থ পরিপন্থী কিছু মানুষের মস্তিষ্কপ্রসূত ভাবনা থেকে এই বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রীর আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা জনগণের বিরুদ্ধে হুমকির শামিল। ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আবুল হোসাইন।
গণতান্ত্রিক বাম মোর্চাও জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করে। মোর্চার সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার যেহেতু নির্বাচিত নয়, তাই জনগণের দুঃখ-কষ্টের প্রতি সরকারের কোনো দায়িত্বশীলতা ও সংবেদনশীলতা নেই। বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় বেড়ে স্বল্প আয়ের মানুষের দুর্গতি আরও বাড়াবে।
এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে গণসংহতি আন্দোলন।
এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঐক্য ন্যাপ, গণফ্রন্ট, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র পৃথক বিবৃতিতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তি।