'উৎসাহী ভক্ত সেজে কাউকে প্রার্থী বানালে ব্যবস্থা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেছেন, ‘জাতীয় সম্মেলনে কোনো নেতার পক্ষে মোসাহেবি–চামচামি করে তাঁর ক্ষতি করবেন না। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী না, কেউ প্রার্থী না।’ অতি উৎসাহী ভক্ত সেজে কাউকে প্রার্থী বানালে সেই নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রী কাকে কোন পদে রাখবেন, সেটা কি আপনি জানেন? আর ওই ব্যক্তি যদি আপনার কাঙ্ক্ষিত পদ না পেয়ে থাকেন, তাহলে তো আপনি ভিকটিম হয়ে যাবেন।’
সম্মেলন উপলক্ষে সাজসজ্জার বৈশিষ্ট্য সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আগের সম্মেলনে দেখা গিয়েছিল ব্যানার পোস্টার, বিলবোর্ডে ওপরে বঙ্গবন্ধু, শেখ হাসিনা কখনো বা সজীব ওয়াজেদ জয় আর নিচে হচ্ছে ব্যক্তির ছবি, যা এবার আমরা বন্ধ করেছি। আর যা ছিল তা নামানোর জন্য আমরা ১২ অক্টোবর পর্যন্ত সময়ও নির্ধারণ করে দিয়েছিলাম। নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা ব্যক্তিগত প্রচার প্রচারণা সরাননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শৃঙ্খলা উপকমিটি।
দপ্তর উপকমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলনের প্রস্তুতির প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। ১৯ অক্টোবরের মধ্যে সব কাজ সম্পূর্ণ হবে, যা একটি টিমওয়ার্কের মাধ্যমেই হচ্ছে। আমরা আশা করি, শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতিকে একটি সফল সম্মেলন উপহার দিতে যাচ্ছি।’

দপ্তর উপকমিটির সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, আমিনুল ইসলাম, এনামুল হক শামীম প্রমুখ।