‘উড়াল জাহাজে’ চড়ে নাকাল
কক্সবাজার শহরের সর্বত্র কয়েক দিন ধরে প্রচার চালানো হচ্ছিল ‘এমভি ডেলফিনাস’ নামের হাইড্রোফয়েল (ওয়াটার ক্রুজ) জাহাজটির। সাগরে এটি ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিতে ছুটতে পারে। ছুটে চলার সময় এর উপরিকাঠামো পানির ওপর থাকে। মনে হয়, পানির ওপরে উড়ে চলছে এটি। তাই কর্তৃপক্ষ হাইড্রোফয়েল জাহাজটিকে ‘উড়াল জাহাজ’ বলে প্রচার চালায়। মাত্র দুই ঘণ্টায় কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে শুরুর দিনই হোঁচট খায় উড়াল জাহাজের ছুটে চলা। নিস্তরঙ্গ সাগরের জলে বিকল হয়ে পড়ে যানটি।কক্সবাজার থেকে সেন্ট মার্টিন সাগরপথে জাহাজটি চালুর প্রথম দিনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাঁদের পরিবার-পরিজনকে আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়াও ছিলেন বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ শতাধিক মানুষ। লাবণী পয়েন্ট থেকে সকাল সাড়ে ১০টায় সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে ১১৪ জন ধারণক্ষমতাসম্পন্ন জাহাজটি। ১০ মিনিট চলার পর গভীর সাগরে হঠাৎ থেমে যায় এটি। কী হলো দ্রুতগতির জাহাজের—জানতে চান সবাই। জবাবে কর্তৃপক্ষ জানায়, সাগরে অসংখ্য মাছ ধরার নৌকা। এ কারণে দ্রুতগতিতে জাহাজ চালানো যাচ্ছে না।কিছুক্ষণ পর জাহাজটি চলতে শুরু করে। ১০ মিনিট না যেতেই আবার থেমে যায়। কয়েকজন যাত্রী হইচই করে জানতে চান, গভীর সাগরে তো কোনো নৌকা নেই। এবার জাহাজ থামল কেন? কর্তৃপক্ষের জবাব, সাগরে অসংখ্য ডুবোচর, তাই দ্রুতগতিতে জাহাজ চালানো যাচ্ছে না।প্রায় দেড় ঘণ্টা পর অর্থাৎ, দুপুর ১২টায় এভাবে থেমে থেমে জাহাজটি পৌঁছায় ২৫ কিলোমিটার দূরে উখিয়ার ইনানী উপকূলে। এরপর জাহাজটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে যাত্রীরা অতিষ্ঠ হয়ে জানতে চান—এ কেমন উড়াল জাহাজ? কাঠের ট্রলারে রওনা দিলেও তো এতক্ষণে সেন্ট মার্টিন পৌঁছানো যেত।তখন কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশে বলে, ‘আপনারা আমাদের মাফ করবেন। আসলে জাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে গেছে। তাই শুরু থেকে জাহাজের এই অবস্থা।’তখন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল আলম নিজামী বলেন, ‘সেন্ট মার্টিন যাওয়ার আর দরকার নেই। কক্সবাজারের দিকে জাহাজ ঘোরান। এ অবস্থায় সেন্ট মার্টিন যেতে সন্ধ্যা হয়ে যাবে। জাহাজে বহু নারী ও শিশু কষ্টে আছে।’ পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি ক্ষুব্ধ হয়ে বলেন, এটি ৫০ বছর আগের পরিত্যক্ত জাহাজ। ঘষা-মাজা করে এই রুটে আনা হয়েছে। এই রুটে এ জাহাজ চলাচলের একেবারেই অযোগ্য; চলাচল করতে দেওয়াও বিপদ।বেলা একটার দিকে জাহাজটি ইনানী থেকে কক্সবাজারের লাবণী পয়েন্টে এসে থামে। ফেরার পথেও সেই একই দুর্ভোগ। যাত্রীরা স্পিডবোট ও লঞ্চে করে কূলে ওঠেন। ওয়াটার লিংক লজিস্টিক লিমিটেড ও ওসান ট্যুরিজম নামের দুটি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে জাহাজটি পরিচালনা করছে। জাহাজে তিনটি শ্রেণীতে মাথাপিছু টিকিটের দাম ধরা হয়েছে তিন হাজার ২০০, তিন হাজার ও দুই হাজার ৮০০ টাকা।ওসান ট্যুরিজমের পরিচালক আশেকুল্লাহ রফিক জানান, ‘যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটির এই অবস্থা হয়েছে। এতে অতিথিরা যথেষ্ট মনঃক্ষুণ্ন ও দুর্ভোগের শিকার হয়েছেন। এ জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এমন আর হবে না।’