'উয়ারী-বটেশ্বরকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রাচীন ইতিহাসে গঙ্গারিদাই নামে যে সমৃদ্ধ জনপদের কথা বলা আছে, বাংলাদেশের উয়ারী-বটেশ্বর তারই অংশ। এখানে ছিল একটি সমৃদ্ধ বাণিজ্যনগর। সঙ্গে ছিল প্রাচীন গ্রিক, রোমান ও পূর্ব এশীয় সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ। এই সভ্যতাকে বিশ্বদরবারে তুলে ধরতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমান উয়ারী-বটেশ্বরে তাঁর দীর্ঘদিনের গবেষণার নতুন দিক তুলে ধরতে গিয়ে গতকাল মঙ্গলবার এসব কথা বলেন।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘প্রাচীন রাজ্য গঙ্গারিদাইয়ের খোঁজে: উয়ারী-বটেশ্বরে পাওয়া তথ্য-উপাত্ত ও প্রমাণ’ শীর্ষক এক সেমিনারে এই বাংলাদেশের প্রাচীন সভ্যতার ইতিহাসের নতুন দিক সম্পর্কে আলোচনা ও বিতর্ক হয়।
বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটি (বিএআরএমএস), প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা), বাংলাদেশ চ্যাপ্টার, পর্যটন পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন স্কাল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন দেশের তরুণ প্রজন্মের ইতিহাস পাঠে অনীহার কথা উল্লেখ করে বলেন, এ জন্য সরকার সর্বস্তরে ইতিহাস পাঠ বাধ্যতামূলক করেছে। তিনি বলেন, ‘হরপ্পা-মহেঞ্জোদারো সভ্যতা দেখতে যেমন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসে, তেমনি উয়ারী-বটেশ্বর দেখতেও পর্যটকেরা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি মমিন চৌধুরীর সভাপতিত্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কাল ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মুয়ীদ চৌধুরী, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, বিইআরএমের প্রেসিডেন্ট ও ইতিহাসবিদ শরিফ উদ্দিন আহমেদ, পাটা বাংলাদেশের উপদেষ্টা শাহাবুদ্দিন আহমেদ বক্তব্য দেন।