'ঊর্ধ্বতনদের নির্দেশে তাজউদ্দিনকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমান বলেছেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষের জেরায় মিজানুর রহমান এ কথা বলেন।

বর্তমানে নৌবাহিনীতে কর্মরত সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা গত ৬ জুন আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন, তিনি চারদলীয় জোট সরকারের আমলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সন্ত্রাসবাদ দমনসংক্রান্ত ব্যুরোতে কর্মরত ছিলেন। ওই ব্যুরোর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ২০০৬ সালের অক্টোবরে ভিন্ন নামে পাসপোর্ট করে হরকাতুল জিহাদের নেতা মাওলানা তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করেন।

লেফটেন্যান্ট কমান্ডার মিজানকে গতকাল জেরা করেন মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার।

আইনজীবী: আপনি (মিজানুর রহমান) বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন।

জবাবে সাক্ষী মিজান: হ্যাঁ।

আইনজীবী: আপনি কি মনে করেন না এটা অন্যায়?

সাক্ষী: না, আমি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পালন করেছি।

আইনজীবী: আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই মামলার কার্যক্রম করেন নাই। আপনি নিজে স্বেচ্ছায় করেছেন?

সাক্ষী: সত্য নয়।

আইনজীবী: আপনি যে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন, তাঁর কাছে আপনাকে কে নিয়ে যায়?

সাক্ষী: তদন্ত কর্মকর্তার একজন প্রতিনিধি আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়।

আইনজীবী: আসামি লুৎফুজ্জামান বাবর কখনোই সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বাসায় যায় নাই।

সাক্ষী: সত্য নয়।

বাবরের আইনজীবীর জেরা শেষ হওয়ার পর আদালত এই সাক্ষীকে জেরা করার জন্য আসামি মুফতি আবদুল হান্নান ও মুফতি আবদুর রউফের আইনজীবীর প্রতি আহ্বান জানান। তখন মুফতি হান্নানের আইনজীবী ফখরুল ইসলাম আদালতকে বলেন, তিনি একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীরও কৌঁসুলি। ট্রাইব্যুনালে আজ সোমবার তাঁর মক্কেলের পক্ষে একজন সাক্ষীকে উপস্থাপন করা হবে। তাই তিনি গতকাল মুফতি হান্নানের পক্ষে জেরা করতে অপারগতা জানিয়ে মঙ্গলবার পর্যন্ত সময় চেয়ে বলেন, ‘ট্রাইব্যুনালে হাইকোর্টের তিনজন বিচারপতি আছেন। কিন্তু তাঁরা আইনজীবীদের পার্সোনাল ডিফিকাল্টস্ বিবেচনায় নেন না।’

রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান এই সময় প্রার্থনার বিরোধিতা করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে হেয় করে নিম্ন আদালতে বক্তব্য দেওয়ার সুযোগ নেই।

এ ছাড়া আবদুর রউফের আইনজীবী কুতুব উদ্দিনও সময়ের আবেদন করেন। আদালত আসামিপক্ষের উভয় আবেদন নাকচ করে দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের সঙ্গে আইনগত বিষয়ে আলোচনার জন্য সময় চান। এ পর্যায়ে আদালত সাক্ষ্য জেরা মুলতবি করে আজ সোমবার শুনানির দিন ধার্য করেন।