‘ঋণ করে ঘি খাওয়ার বাজেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটকে ‘বাস্তবায়নের দায়হীন ও ঋণ করে ঘি খাওয়ার বাজেট’ হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এ কথা বলেন। তিনি বলেন, ৫৫ হাজার কোটি টাকার এই ঘাটতি বাজেটের চাপ আখেরে দেশের স্বল্প আয়ের সাধারণ মানুষকেই বহন করতে হবে। প্রতিক্রিয়ায় বলা হয়, নির্বাচন সামনে রেখে বিভিন্ন খাতে বাজেটে জনতুষ্টিমূলক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বিনিয়োগের স্থবিরতা কাটিয়ে সামষ্টিক অর্থনীতির গতিশীলতা সৃষ্টির কার্যকর পদক্ষেপ অনুপস্থিত। নতুন অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা-ও বাস্তবানুগ নয়। পদ্মা সেতু প্রকল্পে ছয় হাজার কোটি টাকার ওপর বরাদ্দের যে প্রস্তাব রাখা হয়েছে, তা নিতান্তই নির্বাচনকেন্দ্রিক ও লোক দেখানো।