‘ঋণ নয়, প্রশিক্ষণ’
অভাবী মানুষকে কারণে-অকারণে ঋণ গ্রহণে নিরুৎসাহিত করতে গত মঙ্গলবার জয়পুরহাটের কালাই উপজেলার কিডনি বিক্রির এলাকায় ‘ঋণ নয়, প্রশিক্ষণ; নিজেদের সঞ্চয়ে দারিদ্র্যমুক্ত সফল জীবন’ শীর্ষক এক উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বৈরাগীবাজারে অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে বাস্তবায়নাধীন সরকারের ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি-সিভিডিপি’। সমাবেশে সভাপতিত্ব করেন সিভিডিপি প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ও কালাই উপজেলা সমবায় কর্মকর্তা মো. সালাউদ্দিন সিদ্দিক। এতে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, তদন্তে বেরিয়ে এসেছে গ্রামাঞ্চলে একশ্রেণীর এনজিও ও দাদন ব্যবসায়ী কীভাবে অভাবী মানুষকে শোষণ করছে। নিয়ম ভঙ্গ করে একই পরিবারের একাধিক সদস্য বা একজনের নামেই একাধিক সংস্থা ঋণ দিচ্ছে। একশ্রেণীর মানুষ না বুঝেই একের পর এক বিভিন্ন এনজিও এবং দাদনের ঋণের জালে জড়িয়ে যাচ্ছে। ঋণের সে জাল থেকে বেরিয়ে আসতে এসব মানুষকে এক সময় কিডনি-লিভারের মতো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রি করে দিতে হচ্ছে।